Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ১ সেপ্টেম্বর ২০২৬

দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার

দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
ছবি: সংগৃহীত

অস্ত্রোপচারকক্ষে চিকিৎসকের পাশে এবার যুক্ত হলো রোবট। শরীরের এমন সূক্ষ্ম ও সংকীর্ণ অংশেও অস্ত্রোপচারের সুযোগ তৈরি হয়েছে, যেখানে প্রচলিত পদ্ধতিতে চিকিৎসকের হাতের নড়াচড়া সীমিত। রাজধানীতে দুই রোগীর সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রোবটিক সার্জারির যাত্রা।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর মাদানী এভিনিউয়ের ইউনাইটেড হেলথকেয়ারে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তি ব্যবহার করে দুই রোগীর অস্ত্রোপচার করা হয়। এর মধ্যে একজন ৫৭ বছর বয়সী পুরুষ রোগীর পিত্তথলির পাথর অপসারণ এবং ৪৫ বছর বয়সী এক নারী রোগীর অতিরিক্ত জরায়ু রক্তক্ষরণজনিত সমস্যার চিকিৎসায় জরায়ু অপসারণের অস্ত্রোপচার করা হয়েছে।

অস্ত্রোপচার দুটি পরিচালনা করেন অধ্যাপক ডা. রফিকুস সালেহীন ও অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী)। রাত ৮টার দিকে অস্ত্রোপচার সফলভাবে শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ডা. রফিকুস সালেহীন।

তিনি জানান, রোবটিক সার্জারির জন্য এক দিন আগেই সরকারের অনুমোদন পাওয়া যায়। অনুমোদন পাওয়ার পরই এক দিনে দুই রোগীর শরীরে এ প্রযুক্তি ব্যবহার করে সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।

চিকিৎসকদের মতে, রোবটিক সার্জারিতে বড় ধরনের কাটাছেঁড়া ছাড়াই জটিল অস্ত্রোপচার করা সম্ভব। এতে রক্তক্ষরণ ও আশপাশের টিস্যুর ক্ষতি তুলনামূলক কম হয়। অস্ত্রোপচারের পর ব্যথাও কম অনুভূত হতে পারে এবং রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

রোবটের হাতে অস্ত্রোপচার নয়

রোবটিক সার্জারি নাম শুনে অনেকের মনে হতে পারে, চিকিৎসকের পরিবর্তে রোবটই অস্ত্রোপচার করে। বাস্তবে বিষয়টি তা নয়। পুরো প্রক্রিয়াটিই চিকিৎসকের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।

চিকিৎসক একটি বিশেষ নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে রোবটিক যন্ত্রের প্রতিটি নড়াচড়া পরিচালনা করেন। এ সময় শরীরের ভেতরের অঙ্গ ও টিস্যু ত্রিমাত্রিক এবং বড় করে স্পষ্টভাবে দেখার সুযোগ থাকে। একই সঙ্গে রোবটিক বাহু প্রায় ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে।

ফলে শরীরের অত্যন্ত সংকীর্ণ ও জটিল জায়গায় চিকিৎসকের হাতের তুলনায় আরও সূক্ষ্ম ও নিয়ন্ত্রিতভাবে অস্ত্রোপচার করা সম্ভব হয়।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বলেন, রোবটিক সার্জারি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তি। রোবটিক বাহুর ৩৬০ ডিগ্রি নড়াচড়ার সুবিধা কাজে লাগিয়ে মানুষের হাতের জন্য কঠিন এমন সংকীর্ণ ও জটিল স্থানেও নিখুঁতভাবে কাজ করা সম্ভব।

এতে গুরুত্বপূর্ণ রক্তনালি ও আশপাশের অঙ্গ নিরাপদ রাখার পাশাপাশি কম কাটাছেঁড়ায় অস্ত্রোপচার করা যায় বলেও জানান তিনি।

বাড়বে চিকিৎসার পরিধি

বাংলাদেশে রোবটিক সার্জারির ব্যবহার ধীরে ধীরে আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী)। তিনি জানান, খুব শিগগির হৃদরোগ, মস্তিষ্ক, মূত্রনালি, সাধারণ সার্জারি, স্ত্রীরোগ ও বক্ষদেশের বিভিন্ন অস্ত্রোপচারেও এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

চিকিৎসকদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হচ্ছে, যেসব উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের রোগীদের বিদেশে যেতে হয়, সেগুলোর একটি বড় অংশ দেশের মাটিতেই দেয়ার সক্ষমতা তৈরি করা।

এতে একদিকে রোগীদের বিদেশে চিকিৎসা নেয়ার প্রবণতা কমবে, অন্যদিকে চিকিৎসার পেছনে দেশের বৈদেশিক মুদ্রা ব্যয়ের চাপও কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে খরচ নিয়ে প্রশ্ন

চিকিৎসাক্ষেত্রে রোবটিক প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় অগ্রগতি। তবে অত্যাধুনিক এই চিকিৎসা সাধারণ মানুষের নাগালে কতটা আসবে, সেটিই এখন বড় প্রশ্ন।

রোবটিক সার্জারির যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণ, দক্ষ চিকিৎসক ও প্রযুক্তিবিদ তৈরি এবং অস্ত্রোপচারের খরচ—সবকিছু মিলিয়ে এ চিকিৎসা তুলনামূলক ব্যয়বহুল হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই শুধু রোবট দেশে আনা যথেষ্ট নয়। এর নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা, দক্ষ জনবল তৈরি, রোগীর সামর্থ্যের মধ্যে চিকিৎসার ব্যয় নির্ধারণ এবং মানসম্মত সেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এসব বিষয় নিশ্চিত করা না গেলে অত্যাধুনিক এ প্রযুক্তির সুফল সীমিতসংখ্যক মানুষের মধ্যেই আটকে থাকার আশঙ্কা থাকবে।

২০২৪ সালেও রোবটের ব্যবহার

এর আগে ২০২৪ সালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোবটের মাধ্যমে দুই রোগীর হৃদরোগের চিকিৎসায় ধমনিতে রক্তনালি খোলার যন্ত্র বসানো হয়েছিলো। তবে ইউনাইটেড হেলথকেয়ারের চিকিৎসকদের দাবি, ওই কার্যক্রম এবং এবার শুরু হওয়া রোবটিক সার্জারি একই ধরনের প্রযুক্তি নয়।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে করা হয়েছিলো রোবট-নিয়ন্ত্রিত হৃদরোগের একটি বিশেষ চিকিৎসা-প্রক্রিয়া। সেটি নিয়মিত চিকিৎসাসেবা হিসেবে চালু হয়নি; প্রদর্শনীর উদ্দেশ্যেই রোবটটি সেখানে আনা হয়েছিলো।

অন্যদিকে ইউনাইটেড হেলথকেয়ারে সোমবারের দুই অস্ত্রোপচারের মধ্য দিয়ে দেশে নিয়মিত চিকিৎসাসেবায় রোবটিক সার্জারির নতুন অধ্যায়ের সূচনা হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের