Sobar Desh | সবার দেশ জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৪, ২২ মার্চ ২০২৬

ঈদের দিনে ব্রহ্মপুত্রে ট্র্যাজেডি

ভাসমান সেতু উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৫, নিখোঁজ ৫

ভাসমান সেতু উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৫, নিখোঁজ ৫
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনায় ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এখনও অন্তত ৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), গামারিয়া এলাকার আবির (১৬) এবং বালুগ্রামের রিহাদ (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় পৌর কর্তৃপক্ষ নদী পারাপারের সুবিধার্থে ড্রাম দিয়ে অস্থায়ী এ ভাসমান সেতুটি নির্মাণ করে। ঈদের দিন ঘুরতে আসা শতাধিক মানুষ একসঙ্গে সেতুর ওপর উঠলে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেটি হঠাৎ উল্টে যায়। এতে অনেকেই পানিতে পড়ে যান।

দুর্ঘটনার সময় বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং এ পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মবিন খান জানান, উদ্ধার অভিযান এখনও চলছে এবং নিখোঁজদের খোঁজে কাজ করছে উদ্ধারকারী দল।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ বলেন, এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

এদিকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, উদ্ধার করা শিশুদের হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়া একজন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার পরপরই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার এবং ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেন।

স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ এ ভাসমান সেতুতে অতিরিক্ত লোকসমাগম নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ