Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৫, ২ আগস্ট ২০২৬

ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেফতার

ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) বিকেলে ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়। আরাফাত হোসেন রাব্বি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। তিনি চৌগাছা সরকারি কলেজের শিক্ষার্থী এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার সকালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার উদ্দেশ্যে চৌগাছায় যাওয়ার পথে অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বি মোটরসাইকেলে করে ভুক্তভোগী কলেজছাত্রীকে তুলে নেন। পরে পৌর শহরের নিরিবিলিপাড়া এলাকার একটি বাড়ির নিচতলার ভাড়া বাসায় নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে পরিণতি ভালো হবে না বলে ভুক্তভোগীকে হুমকি দেয়া হয়। পরে তিনি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলেন।

এরপর শনিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে চৌগাছা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন। মামলার আসামি আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপন করা হবে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: