কক্সবাজার সৈকতে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতের টানে ভেসে গিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন। তাদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের ঢেউ ও তীব্র স্রোতে তারা ভেসে যান। পরিস্থিতি বুঝে ওঠার আগেই কয়েকজন স্রোতের কবলে পড়ে বিপদে পড়েন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় একজনকে জীবিত উদ্ধার করা হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ইউএনও।
দুর্ঘটনার পর থেকে নিখোঁজ দুজনকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। তাদের সন্ধানে পুলিশ কাজ করছে।
সৈকতে গোসল করতে নেমে একসঙ্গে কয়েকজন পর্যটকের হতাহতের ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। সাগরের ঢেউ ও স্রোত বিপজ্জনক হয়ে উঠলে সৈকতে গোসল করতে নামা প্রাণঘাতী হতে পারে। বিশেষ করে সন্ধ্যার দিকে সৈকতে নামার ক্ষেত্রে পর্যটকদের সতর্ক থাকা জরুরি।
সবার দেশ/কেএম




























