পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা
প্রায় পাঁচ মাস পর খুললো ১৫টি দানবাক্স, গণনায় অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মানুষ; অর্থের পরিমাণ জানতে অপেক্ষা।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। প্রায় পাঁচ মাস (৪ মাস ২৪ দিন) পর শনিবার সকালে মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। বিপুল পরিমাণ দান গণনা করতে মাঠে নামেন পাঁচ শতাধিক মানুষ। তবে গণনা শেষ না হওয়ায় এবার মোট কত টাকা পাওয়া গেছে, তা এখনও জানা যায়নি।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলার পর সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অর্থ গণনা শুরু হয়। গণনার কাজে অংশ নেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সঙ্গে যুক্ত হন গণনার কাজে নিয়োজিত অন্যান্য ব্যক্তিরাও।
দীর্ঘ বিরতিতে বেড়েছে দানবাক্সের সংখ্যা
সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। কিন্তু এবার বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের তুলনায় বেশি বিরতি দিয়ে বাক্সগুলো খোলার সিদ্ধান্ত নেয়া হয়। দীর্ঘ সময় ধরে দান জমা হওয়ায় এবার দানবাক্সের সংখ্যাও বাড়ানো হয়েছে। নতুন করে স্থাপন করা হয়েছে আরও দুটি বাক্স।
মসজিদটির দানবাক্স খোলাকে ঘিরে প্রতিবারই স্থানীয়দের পাশাপাশি দেশজুড়ে মানুষের আগ্রহ তৈরি হয়। দানবাক্সে নগদ অর্থের পাশাপাশি বিদেশি মুদ্রা, স্বর্ণালঙ্কারসহ নানা মূল্যবান সামগ্রীও পাওয়া যায়। বিপুল পরিমাণ অর্থ গণনার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বেচ্ছায় অংশ নেন।
আগেরবার মিলেছিলো প্রায় ১৬ কোটি টাকা
এর আগে গত ২৭ জুন দীর্ঘ ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিলো। তখন ১৫টি দানবাক্স থেকে পাওয়া গিয়েছিলো ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। নগদ অর্থের পাশাপাশি সেবার বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।
দীর্ঘ বিরতির পর এবার ৫১ বস্তা টাকা পাওয়ায় নতুন করে আলোচনায় এসেছে পাগলা মসজিদের দানের পরিমাণ। তবে আগেরবারের মতো এবারও নগদ অর্থ, বিদেশি মুদ্রা ও অন্যান্য মূল্যবান সামগ্রীর হিসাব আলাদাভাবে গণনা ও যাচাই শেষে প্রকাশ করা হবে।
উপস্থিত ছিলেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
দানবাক্স থেকে পাওয়া অর্থ গণনা ও হিসাব সম্পন্ন হলে মোট অর্থের পরিমাণ জানা যাবে। বিপুল এ দানের অর্থের চূড়ান্ত হিসাবের দিকে এখন নজর রয়েছে স্থানীয় বাসিন্দা ও দেশজুড়ে আগ্রহী মানুষের।
সবার দেশ/এমকেজে




























