গভীর সমুদ্রে ৭২ জনকে জিম্মি
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে টেকনাফে আটকে নির্যাতন; মুক্তিপণ দাবি ৫০ লাখ টাকা করে, প্রতিরোধ গড়ে ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে উপকূলে ফিরলেন ২৮ জন
মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করে টেকনাফে আটকে রাখার পর গভীর সমুদ্রে ট্রলারে নিয়ে জিম্মি করার অভিযোগ উঠেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। ট্রলারে অস্ত্রের মুখে বন্দি করে প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে না পারলে নির্যাতন, এমনকি সাগরে ফেলে দেয়ার হুমকিও দেয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এভাবে গভীর সমুদ্রে একটি ট্রলারে ৭২ জনকে জিম্মি করে রাখা হয়েছিলো বলে উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে বন্দিরা প্রতিরোধ গড়ে তোলেন। দালালচক্রের সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে নিজেরাই কক্সবাজার উপকূলে ফিরে আসেন তারা।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় লোকজন। উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, তাদের সঙ্গে থাকা সাতজনকে সাগরে ফেলে দেয়া হয়েছে।
সৈকতে ফিরে উদ্ধার ২৮ জন
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন শৈবাল পয়েন্টে ট্রলারটি পৌঁছায়। পরে স্থানীয় লোকজন, বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় ট্রলার থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ২ নারী, ২ শিশু ও ২৪ জন পুরুষ রয়েছেন।
ভুক্তভোগীদের ভাষ্য, কাউকে বাড়ি থেকে ডেকে নেয়া হয়েছে, কাউকে কাজের প্রলোভন দেখানো হয়েছে, আবার কাউকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে টেকনাফে নিয়ে আটকে রাখা হয়েছে। পরে বিভিন্ন স্থান থেকে ছোট নৌকায় করে তাদের গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে তোলা হয়। সেখানে শুরু হয় শারীরিক নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা।
পরিচিতজনের সঙ্গে বেড়াতে গিয়ে বন্দি
উখিয়ার কোটবাজার এলাকার রিদুয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে এক পরিচিত ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে পৌঁছানোর পর তাদের একটি ঘরে আটকে রাখা হয়। পরে বুঝতে পারেন, তারা মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন।
রিদুয়ানের অভিযোগ, আটকে রাখার পর তাদের মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। বাইরের কারও সঙ্গে যোগাযোগের সুযোগ ছিলো না। লাঠি, দা ও বিভিন্ন অস্ত্র নিয়ে লোকজন পাহারা দিতো।
আট থেকে নয় দিন আটকে রাখার পর এক রাতে মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে নারীসহ প্রায় ৪০ জনকে দুটি ছোট নৌকায় তুলে গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে নেয়া হয়।
তার ভাষ্য, প্রথমে চার দিন একটি ট্রলারে এবং পরে অন্য একটি নৌকায় আরও দুই দিন থাকতে হয়। এ সময় দিনে দুই বেলা সামান্য খাবার দেয়া হতো। প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।
নির্যাতনের প্রতিবাদে সংঘর্ষ, ট্রলারের নিয়ন্ত্রণ নেন বন্দিরা
রিদুয়ান জানান, মুক্তিপণের বিষয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে তাদের একজনকে মারধর করা হয়। এর প্রতিবাদে ট্রলারে থাকা যাত্রীদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে গেলে কয়েকজন যাত্রী ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।
চকরিয়ার এক রাজমিস্ত্রিও কাজের প্রলোভনে টেকনাফে গিয়ে অপহরণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। জমি মাপজোখের কাজ শেষে হিসাব করার কথা বলে তাকে একটি বাসায় নেয়া হয়। সেখানে পৌঁছানোর পর দরজা বন্ধ করে দেয়া হয়। চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়।
পরে সুপারি বাগানের ভেতরে একটি ভবনে প্রায় সাত দিন আটকে রাখা হয় তাকে। এ সময় ঠিকমতো খাবার দেয়া হতো না এবং কারও সঙ্গে যোগাযোগের সুযোগ ছিলো না বলে অভিযোগ করেন তিনি।
বিদেশে চাকরির প্রলোভন, পরে বন্দিশালা
মুক্তার হোসেন নামে আরেক ভুক্তভোগী জানান, নারায়ণগঞ্জে চাকরি করার সময় এক বন্ধুর মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাব পান। প্রথমে সাড়ে তিন লাখ টাকা চাওয়া হলেও পরে তিন লাখ টাকায় পাঠানোর কথা বলা হয়। দালালের দেয়া ঠিকানায় কক্সবাজারে পৌঁছানোর পর তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে আরও অনেককে বন্দি অবস্থায় দেখতে পান তিনি।
উদ্ধার হওয়া কলা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, ট্রলারে মোট ৭২ জন ছিলেন। দালালচক্রের সদস্যরা সাতজনকে সাগরে ফেলে দেন। পরে কয়েকজন মিলে প্রতিরোধ গড়ে তুলে ট্রলারের নিয়ন্ত্রণ নেন।
শৈবাল পয়েন্টে ট্রলারটি আটকে গেলে তারা নেমে ঝাউবাগানের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে বসিয়ে রাখেন বলে জানান তিনি।
টেকনাফের কচুবনিয়া এলাকার ইলিয়াছ জানান, দালালচক্রের সদস্যদের অতিরিক্ত মারধরের প্রতিবাদ জানালে ট্রলারে সংঘর্ষ বাধে। একপর্যায়ে চক্রের সদস্যরা অন্য একটি ট্রলারে করে পালিয়ে যান। দুজনকে আটক করা হলেও পরে তারাও পালিয়ে যান বলে দাবি করেন তিনি।
স্বজনদের কাছেও মুক্তিপণ দাবি
গভীর সমুদ্রে বন্দি থাকা ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও মুক্তিপণ দেয়ার জন্য চাপ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের পর স্বজনদের ফোন করে টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারলে হত্যা কিংবা অন্য দালালদের হাতে তুলে দেয়ার হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন অভিভাবক।
উদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন স্বজনেরা। তাদের একজন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম। তিনি জানান, ১০ দিন ধরে ছেলের কোনও খোঁজ পাচ্ছিলেন না। এর মধ্যে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে জানতে চাওয়া হয়, ছেলের খবর পেয়েছেন কি না। পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেয়া হয়। কান্নাজড়িত কণ্ঠে ছেলে জানায়, তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে।
সাইফুল ইসলামের অভিযোগ, ফোনের অপর প্রান্তের ব্যক্তি ছেলেকে ফেরত পেতে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেয়ার হুমকিও দেয়া হয়।
আরেক অভিভাবক আবু তাহের জানান, তার ছেলে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে জানতে পারেন, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামের এক ব্যক্তিসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা।
টেকনাফকেন্দ্রিক মানবপাচার চক্রের অভিযোগ
উদ্ধার হওয়া ব্যক্তি ও তাদের স্বজনদের অভিযোগ, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষকে অপহরণ ও মানবপাচারের সঙ্গে জড়িত। প্রথমে পরিচিতজন কিংবা দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার প্রস্তাব দেয়া হয়। পরে বিভিন্ন স্থানে আটকে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে মুক্তিপণ আদায় করা হয়।
ভুক্তভোগী ও তাদের স্বজনেরা অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে থানায় রাখা হয়েছিলো। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সবার দেশ/এমকেজে




























