৫ দিন পর পুকুরে মিললো লাশ
চাঁদা না দেয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা
কুমিল্লায় চাঁদা না দেয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শুক্রবার সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আবরাদ হাসান সজিব নামে এক কিশোর গ্যাং নেতাকে অভিযুক্ত করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির বাসিন্দা। তিনি সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পাঁচ দিন আগে অভিযুক্ত আবরাদ হাসান সজিব ওই ব্যাংকের এজেন্ট শাখায় গিয়ে রিফাতের কাছে চাঁদা দাবি করেন। রিফাত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করেন এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলেন। এ ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত।
ছেলের কোনও সন্ধান না পেয়ে তার বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পাঁচ দিন পর শুক্রবার সকালে শিবপুর মধ্যমপাড়া এলাকার একটি পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।
অভিযুক্ত আবরাদ হাসান সজিব কুমিল্লার কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, সজিব এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। তিনি যাকে পেতেন, তাকেই মারধর করতেন। আগে থেকেই এলাকায় এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এবার একজন নিরীহ ছেলেকে হত্যা করেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা দেলোয়ার হোসেন। তিনি অভিযোগ করে বলেন, সজিবই তার ছেলেকে হত্যা করেছেন। তার ছেলে অনেক কষ্ট করে ব্যাংকের এজেন্ট শাখাটি পরিচালনা করছিলেন। চাঁদা না দেয়ায় ঘটনার দিন তাকে মারধর করা হয়েছিলো। এরপর তিনি ভেবেছিলেন, আর কোনও ঝামেলা হবে না। কিন্তু শেষ পর্যন্ত ছেলের লাশ দেখতে হবে, তা কখনও কল্পনাও করেননি।
ঘটনার বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সজিব নামে একজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালানো হবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাঁচ দিন নিখোঁজ থাকার পর ব্যাংক এজেন্ট শাখার পরিচালকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হত্যার প্রকৃত কারণ এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।
সবার দেশ/এফও




























