মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈধ ৩৪৩টি ভোটের মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট।
সর্বোচ্চসংখ্যক ভোট পাওয়ায় নির্ধারিত সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল। এর আগে সর্বশেষ ১৯৯১ সালে সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়েছিলো। ফলে এবারের নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের শুরুতে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। এরপর ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এরপর বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা পর্যায়ক্রমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষে ভোট গণনা শুরু হয়। এ সময় নির্বাচন কমিশনের সদস্যদের পাশাপাশি চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
ভোট গণনা শেষে সিইসি এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে অলি আহমেদ পান ৮৮ ভোট।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন হলো।
সবার দেশ/কেএম




























