Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ২৬ নভেম্বর ২০২৬

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকার শেরাটনে কিউএসের আয়োজন

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকার শেরাটনে কিউএসের আয়োজন
ছবি: সংগৃহীত

বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার বিষয়ে সরাসরি পরামর্শ দেয়ার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। আগামী ৩০ নভেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্টাডি অ্যাব্রোড মাস্টার্স’ শীর্ষক এ আয়োজন। এতে যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিজনেস স্কুলের প্রতিনিধিরা অংশ নেবেন।

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিতে কোনও ফি লাগবে না। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে পছন্দের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, ভর্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া, বৃত্তি এবং পড়াশোনার অর্থায়ন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠানটি চলবে। কর্মজীবী পেশাজীবী, সদ্য স্নাতক এবং স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে এ আয়োজন করা হয়েছে।

অংশ নিচ্ছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

আয়োজনে যুক্তরাষ্ট্র, স্পেন, কানাডা, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং বিজনেস স্কুলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব ক্যালগারি, বিংহ্যামটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইউটাহ, আইই ইউনিভার্সিটি, এনওয়াইইউ ট্যান্ডন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, অন্টারিও টেক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব উইনিপেগ এবং ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রতিনিধিদের কাছে বিভিন্ন শিক্ষাক্রম, ভর্তির শর্ত, আবেদনপ্রক্রিয়া, মেধাবৃত্তি এবং পছন্দের দেশে পড়াশোনার সুযোগ নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারবেন। আগ্রহ ও শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সহায়তা দেয়া হবে।

এ ছাড়া অংশগ্রহণকারীরা ৫০ হাজার মার্কিন ডলার মূল্যমানের কিউএস ইমপ্যাক্ট স্কলারশিপ সম্পর্কে জানার পাশাপাশি নির্ধারিত প্রক্রিয়ায় বৃত্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

বিদেশে পড়তে বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থী

কিউএসের ‘গ্লোবাল স্টুডেন্ট ফ্লোস’-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াতে পারে ১ লাখ ২৬ হাজার ৫০০। ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ১ লাখ ৪৩ হাজার ৩০০ হতে পারে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের উৎস শহর হিসেবে বাংলাদেশে এগিয়ে রয়েছে ঢাকা। ২০২৬ সালে ঢাকা থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর আনুমানিক সংখ্যা ৭৪ হাজার ৪০০। ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে এ সংখ্যা বৃদ্ধির বার্ষিক যৌগিক হার ছিলো ১৩ দশমিক ৫ শতাংশ।

কিউএসের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভের তথ্য বলছে, বিশ্বজুড়ে বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের ৬৩ শতাংশ শিক্ষাক্রম নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার মানকে অগ্রাধিকার দেন। অন্যদিকে, ৫৭ শতাংশ শিক্ষার্থী ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে এমন দক্ষতা অর্জনকে গুরুত্ব দেন।

ভর্তি ও বৃত্তি নিয়ে মিলবে পরামর্শ

অনুষ্ঠানে শুধু বিশ্ববিদ্যালয় নির্বাচন বা ভর্তির তথ্য নয়, বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির বিভিন্ন বিষয়েও পরামর্শ দেয়া হবে। অংশগ্রহণকারীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী উপযুক্ত বিষয় এবং কোর্স নির্বাচন, পছন্দের দেশ নির্ধারণ এবং বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।

এ ছাড়া শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত বা সিভি পর্যালোচনা করানোর সুযোগ পাবেন। উচ্চশিক্ষার আবেদনে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) তৈরির বিষয়েও ধারণা দেয়া হবে। পাশাপাশি বৃত্তির সুযোগ, পড়াশোনার খরচ এবং ডিগ্রি অর্জনের পর আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারবেন।

কিউএসের ফিউচার স্টুডেন্টস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ন্যাটালি ক্রায়ান বলেন, আন্তর্জাতিক শিক্ষাখাতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কিউএসের পূর্বাভাসেও দেখা যাচ্ছে, বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে।

তিনি বলেন, স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার বিষয় নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষার মানের পাশাপাশি খরচ, ভবিষ্যৎ ক্যারিয়ার এবং পছন্দের দেশের শিক্ষার পরিবেশ বিবেচনা করতে হয়। ঢাকার এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে শিক্ষার্থীরা এসব বিষয়ে প্রয়োজনীয় ধারণা ও পরামর্শ নিতে পারবেন।

উচ্চশিক্ষা নিয়ে কাজ করে কিউএস

কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) উচ্চশিক্ষা খাতের তথ্য-উপাত্ত বিশ্লেষণ, গবেষণা এবং বিভিন্ন ধরনের সেবা নিয়ে কাজ করে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাবিদ, নিয়োগদাতা ও বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে তথ্য সরবরাহ করে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং, গবেষণা ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সম্ভাবনা, বিশ্ববিদ্যালয় নির্বাচন, বিদেশে পড়াশোনার প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে ধারণা দেয় কিউএস।

প্রতিষ্ঠানটির লক্ষ্য, নির্ভরযোগ্য তথ্য ও পরামর্শের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করা। ঢাকায় আয়োজিত এবারের অনুষ্ঠানও সে উদ্যোগের অংশ।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেডিক্যালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকার শেরাটনে কিউএসের আয়োজন
তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা
১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল
থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ
যুদ্ধ বন্ধে ইরানের যেকোনও শর্ত মানতে রাজি ৫৫% মার্কিনি
৮ কোটি ভোটেও সেরা ৩০-এ ঠাঁই হলো না মাহির
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ডিসেম্বর থেকে
টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর
আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল
যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী
৩০০ ফুটে ডাকাতির ভিডিও ভাইরাল, আসলে যা ঘটেছিলো
হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত
কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, নিহত ৫
আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীদের চোখ উপড়ানোর হুমকি
৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড
রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা
শিশুকে বাঁচিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা, অপেক্ষায় দুই সন্তান
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা
বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী