তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা
তৃতীয় সংসারেরও ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়ে বুধবার (২৫ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তিনি।
রাত ৯টা ৪০ মিনিটে দেয়া ওই পোস্টে ন্যান্সি জানান, দীর্ঘ সময় একসঙ্গে পথচলার পর তারা দুজন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের পেছনে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেননি এ সংগীতশিল্পী।
পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ন্যান্সি তাদের ব্যক্তিগত পরিসর ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর অনুরোধ করেছেন। জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে গ্রহণ করার আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।
ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিবাহবিচ্ছেদের ঘটনা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন তিনি। ২০১২ সালে তাদের সংসারের বিচ্ছেদ ঘটে। এ সংসারে রোদেলা নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
এরপর ২০১৩ সালের মার্চে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। ২০২১ সালে সে সংসারেরও সমাপ্তি ঘটে। এ সংসারে নায়লা নামে তার আরেকটি কন্যাসন্তান রয়েছে।
দ্বিতীয় সংসার ভাঙার কয়েক মাস পর, ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। এবার সে তৃতীয় সংসার থেকেও আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানালেন জনপ্রিয় এ সংগীতশিল্পী।
সবার দেশ/এমকেজে




























