ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান
‘শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে’
‘শেখ হাসিনা ডিসেম্বরে আসছেন, কিছুই হবে না। রাস্তার পুলিশ কতটা দুর্বল, তা আপনারা চিন্তাও করতে পারছেন না। ভয়ানক দুর্বল।’—এমন মন্তব্যের একটি অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিএমপির একজন যুগ্ম পুলিশ কমিশনারকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে পুলিশের সাইবার বিভাগের একজন কর্মকর্তাও রয়েছেন। কমিটির সদস্যরা রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছেন।
ছড়িয়ে পড়া অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়,
শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে, কিচ্ছু হবে না। আপনারা চিন্তাও করতে পারতেছেন না রাস্তার পুলিশ কত দুর্বল। ভয়ানক দুর্বল।
অডিওর আরেক অংশে তাকে বলতে শোনা যায়,
আসা উচিত। ডিসেম্বর দেরি হয়ে গেছে, এ মাসেই আসা উচিত ছিলো। চলে আসলে এ পুলিশ কিচ্ছুই করতে পারবে না।
এ ছাড়া অডিওতে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার বিষয়েও মন্তব্য করতে শোনা যায় তাকে। তিনি বলেন,
সিনিয়র অফিসার সব বিএনপি করতেছে। আমরা তো বিএনপি করতেছি না। সব সিনিয়ররা বিএনপি করতেছে, আমরা বিএনপি করতেছি না।
অডিওতে আরও বলা হয়, এ করার জন্য তো আমরা ডিপার্টমেন্টে আসি নাই। তোমরা খাবা-দাবা..., নিয়ে থাকবা, আর আমরা এখানে বসে বসে কাজ করবো, তা তো হবে না।
অডিওটি গত বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়েও ওই পুলিশ কর্মকর্তার বিভিন্ন মন্তব্য রয়েছে বলে জানা গেছে।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, অডিওতে যে কণ্ঠ শোনা যাচ্ছে, সেটি প্রাথমিকভাবে রাকিবুল হাসানের বলে তারা নিশ্চিত হয়েছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ কারণেই বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে বলে ডিএমপির ওই কর্মকর্তা জানান।
এর আগে বৃহস্পতিবার প্রশাসনিক কারণে রাকিবুল হাসানকে ওএসডি করা হয়। ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে তাকে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত ওই আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়।
আদেশে বলা হয়েছে, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে প্রশাসনিক কারণে ১৭ সেপ্টেম্বর থেকে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হলো।
রাকিবুল হাসান ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অডিও ছড়িয়ে পড়ার পর তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে প্রশাসনে সংযুক্ত করা হয়।
তদন্ত কমিটি অডিওটির উৎস, বক্তব্যের প্রেক্ষাপট এবং এর সঙ্গে রাকিবুল হাসানের সংশ্লিষ্টতা যাচাই করছে। একই সঙ্গে অডিওতে উঠে আসা বিভিন্ন মন্তব্যের বিষয়েও তার বক্তব্য নেয়া হচ্ছে।
সবার দেশ/কেএম




























