Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৩৭, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:৩৭, ২ সেপ্টেম্বর ২০২৬

সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!

সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
ছবি: সংগৃহীত

সুইমিংপুলের নীল পানিতে পা ডুবিয়ে বসে আছেন বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ। পাশে বয়সে অনেক ছোট তরুণী প্রিসিলা ডি কস্তা। একপর্যায়ে অভিনেতাকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজও দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন কিছু ছবিই তৈরি করেছে নানা কৌতূহল।

ছবিগুলো প্রথম দেখায় অনেকের মনে হয়েছে, তারা যেনো অসম বয়সী কোনও প্রেমিক জুটি। এরপরই শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাহলে কি নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ?

তবে ছবিগুলোর পেছনের ঘটনা একেবারেই ভিন্ন। বাস্তব জীবনে নতুন কোনো সম্পর্কে জড়াননি মামুনুর রশীদ, বিয়েও করেননি। মূলত একটি ধারাবাহিক নাটকের দৃশ্য ধারণের সময় ছবিগুলো তোলা হয়। পরে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তৈরি হয় বিভ্রান্তি।

নাটকটির নাম ‘আমরা ভাইরাল’। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের আলোচিত ও ভাইরাল বিভিন্ন চরিত্রকে কেন্দ্র করে এর গল্প সাজানো হয়েছে। এতে একটি চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। তার বিপরীতে রয়েছেন প্রিসিলা ডি কস্তা।

নাটকের গল্পে মামুনুর রশীদের চরিত্রটি নিজের চেয়ে অনেক কম বয়সী এক তরুণীর প্রেমে পড়েন। একপর্যায়ে পরিবারের আপত্তি উপেক্ষা করে ওই তরুণী তার হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। এরপর তারা সোশ্যাল মিডিয়ায় একের পর এক কনটেন্ট তৈরি করতে থাকেন।

তাদের এমন কর্মকাণ্ড ঘিরে মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়, তেমনি সময়ের সঙ্গে বাড়তে থাকে বিরক্তিও। মূলত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার প্রবণতা এবং এর নানা দিক হাস্যরসের মাধ্যমে নাটকটিতে তুলে ধরা হয়েছে।

আল আমিন স্বপনের গল্পে নাটকটি নির্মাণ করেছেন সাজিন আহমেদ বাবু।

সুইমিংপুলের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক আলোচনা প্রসঙ্গে নির্মাতা বলেন, মামুনুর রশীদের সঙ্গে প্রিসিলার ছবিটি তার পরিচালিত নাটকেরই একটি দৃশ্য। কয়েক দিন ধরে ছবিটি নিয়ে নানা ধরনের নেতিবাচক আলোচনা দেখেছেন তিনি। নেপথ্যের ঘটনা না জেনেই অনেকে বিভিন্ন মন্তব্য করছেন বলেও জানান নির্মাতা।

নাটকের গল্প প্রসঙ্গে সাজিন আহমেদ বাবু বলেন, সমাজের আলোচিত ও সমালোচিত বিভিন্ন ভাইরাল চরিত্রকে কেন্দ্র করেই নাটকটি নির্মাণ করা হয়েছে। এতে তরুণ ও গুণী শিল্পীরা অভিনয় করেছেন। হাস্যরসের পাশাপাশি নাটকটিতে কিছু বক্তব্যও রয়েছে।

অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে মামুনুর রশীদ বলেন, নাটকটির গল্প অন্যরকম। হাস্যরসের মাধ্যমে দর্শকদের আনন্দ দেয়ার চেষ্টা করা হয়েছে। চারপাশের পরিচিত কিছু বিষয়কে নির্মাতা ভিন্নভাবে তুলে ধরেছেন। অনেক দিন পর এমন একটি গল্পে অভিনয় করেছেন তিনি। দর্শকরা হাসির পাশাপাশি গল্পের বিষয়গুলোও উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন এ অভিনেতা।

‘আমরা ভাইরাল’ নাটকে মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ আ সোহাগ, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদার, হাসিমুন, শেখ পূর্ণতা, সুলতানা রাজিয়া সুমি, হাসিবুল হক হেলাল, শফিকুল ইসলাম, মহসিন আকাশ, আহসান কবির, মুন ও অরুনাভ।

নির্মাতা জানিয়েছেন, নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এটি প্রচারিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ