নতুন জীবনে শবনম ফারিয়া, পাত্র ব্যাংক কর্মকর্তা
আবারও বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করেন তিনি। সন্ধ্যায় গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন ফারিয়া নিজেই।
পাত্র তানজিম তৈয়বের গ্রামের বাড়ি রাজশাহীতে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় এক বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিয়ের প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন,
বিবাহবিষয়ক নানা জটিল অভিজ্ঞতার পর মনে হয়েছিলো—এ অধ্যায় হয়তো আর আসবে না আমার জীবনে। তবে সময়ের সঙ্গে পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এ পরিণয়।
তিনি আরও জানান, রাজধানীর মাদানি অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এটি শবনম ফারিয়ার দ্বিতীয় বিয়ে। ২০১৮ সালে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে, যিনি সে সময় একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

অভিনয়জগতে এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় শবনম ফারিয়া সাম্প্রতিক সময়ে ওটিটি কনটেন্ট ও টেলিভিশন নাটকে সমানভাবে জনপ্রিয়তা ধরে রেখেছেন। এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায় নিয়ে আলোচনায় এলেন তিনি।
সবার দেশ/কেএম




























