Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০, ২ জুন ২০২৬

আপডেট: ১৫:২১, ২ জুন ২০২৬

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য একক ডিজিটাল পরিচয় ও সেবা ব্যবস্থার আওতায় ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এ কার্ড চালু হলে বর্তমানে ব্যবহৃত বিএমইটি (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডের প্রয়োজনীয়তা থাকবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সেবা গ্রহণের জন্য বর্তমানে একাধিক কার্ড ও পরিচয়পত্র ব্যবহার করতে হয়। এ জটিলতা দূর করে একটি সমন্বিত কার্ডের মাধ্যমে সব ধরনের সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। তার ভাষায়, আমরা চাই একটি কার্ডের মাধ্যমেই প্রবাসীরা প্রয়োজনীয় সব সুবিধা পান।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, শুধু প্রবাসী শ্রমিকরাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকরাও এ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা এবং ল্যাটিন আমেরিকায় অবস্থানরত বাংলাদেশিদেরও এর আওতায় আনা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ক্রেডিট কার্ডের আদলে তৈরি হতে যাওয়া ‘প্রবাসী কার্ড’-এ ডিজিটাল পরিচয়, ব্যাংকিং সুবিধা, রেমিট্যান্স ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি সেবা একত্রিত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রবাসীদের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, কার্ডটির চূড়ান্ত সুবিধা ও কার্যক্রম এখনো নির্ধারণের পর্যায়ে রয়েছে। তবে সহজে ও কম খরচে দেশে রেমিট্যান্স পাঠানো, আধুনিক ব্যাংকিং গেটওয়ে সুবিধা যুক্ত করা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত করার বিষয়ে কাজ চলছে।

তিনি আরও জানান, প্রবাসীদের জন্য ভূমি অফিস, হাসপাতাল এবং অন্যান্য সরকারি সেবায় বিশেষ সুবিধা ও অগ্রাধিকার নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে আলোচনা চলছে।

সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য নতুন একটি অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠনের ঘোষণাও দেন। তিনি জানান, মঙ্গলবার থেকেই পাঁচ সদস্যের এই সেলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এ সেলের মাধ্যমে প্রবাসীরা সরাসরি অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। খুব শিগগিরই অভিযোগ দাখিলের পদ্ধতি এবং যোগাযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।

মন্ত্রণালয়ের মনিটরিং, আইন, কল্যাণ, সেবা এবং এনফোর্সমেন্ট শাখার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ সেল প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘প্রবাসী কার্ড’ চালু হলে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে এবং প্রবাসী কল্যাণ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য