Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৭, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:০৮, ২১ নভেম্বর ২০২৬

৭ হাজার টেকনোলজিস্ট-ফার্মাসিস্ট

স্বাস্থ্য খাতে প্রায় ১০ হাজার নিয়োগের পরিকল্পনা

৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা; ডিসেম্বরের মাঝামাঝি আসতে পারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি।

স্বাস্থ্য খাতে প্রায় ১০ হাজার নিয়োগের পরিকল্পনা
প্রতীকী ছবি

দেশের স্বাস্থ্যসেবা খাতের জনবল সংকট কাটিয়ে সেবার মান বাড়াতে প্রায় ১০ হাজার পদে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অন্যান্য পদেও জনবল নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে। বড় পরিসরের এ নিয়োগ বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর তথ্যে কারিগরি ত্রুটি ও অসংগতি থাকায় শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণে জটিলতা দেখা দিয়েছে। এ কারণে অধিদফতর দেশের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ জনবলের তথ্য সংগ্রহ করছে। এসব তথ্য যাচাই ও সমন্বয়ের পর নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বলেন, এমআইএসের তথ্যের ওপর এককভাবে নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে সরাসরি তথ্য চাওয়া হয়েছে। তথ্যগুলো একত্র ও যাচাই করার পর নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে।

দুই সপ্তাহের মধ্যে আরও ১৫০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পাশাপাশি হিসাব সহকারী, হিসাবরক্ষক, অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদফতর। এসব পদে আগামী দুই সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক রুমি।

এ ছাড়া জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ কার্যক্রমও চলছে। কিছু এলাকায় নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, আবার কিছু এলাকায় এখনও কার্যক্রম চলমান রয়েছে। কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় সংশ্লিষ্ট নিয়োগ কার্যক্রম শেষ করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ কমিটি

সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোতে নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে। এ কমিটিতে স্বাস্থ্য অধিদফতর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন এবং উপপরিচালক (প্রশাসন) থাকবেন সদস্য সচিব।

অধ্যাপক রুমি জানান, নিয়োগ কমিটি পরীক্ষার নীতিমালা ও পদ্ধতি নির্ধারণ করবে। এরপর প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। লিখিত পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মানদণ্ড অনুসরণ করা হবে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কমিটির তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়ন ও প্রয়োজনীয় যাচাই সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

চিকিৎসক নিয়োগ পিএসসির মাধ্যমে

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, বিসিএস ক্যাডারের চিকিৎসক—মেডিকেল ও ডেন্টাল স্নাতক—নিয়োগ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সম্পন্ন হয়। এ ছাড়া সপ্তম ও নবম গ্রেডের কিছু নন-মেডিকেল পদেও পিএসসির মাধ্যমে নিয়োগ দেয়া হয়ে থাকে।

স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ ও প্রশাসনিক ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, কোনও কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের সন্দেহ দেখা দিলে তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা কিংবা দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে।

তার ভাষ্য, এখন পর্যন্ত সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে কোনও বিভাগীয় মামলা হয়েছে বলে তার জানা নেই। এ পর্যন্ত হওয়া বিভাগীয় মামলাগুলোর বেশির ভাগই কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণসংক্রান্ত।

চিকিৎসা সরঞ্জামের ব্যবহার ও রক্ষণাবেক্ষণে জোর

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে অব্যবহৃত ও অচল যন্ত্রপাতি কার্যকর করা এবং সময়মতো মেরামতের জন্য মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

একই সঙ্গে দাফতরিক চিঠিপত্র ও নথি দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টিইএমও) এবং বিভাগীয় পর্যায়ের দফতরগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেয়া হয়েছে।

এসব কার্যক্রম বাস্তবায়নে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির কাজ চলছে বলে জানান অধ্যাপক রুমি।

বড় পরিসরে জনবল নিয়োগ, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো ও যন্ত্রপাতির কার্যকর ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে সরকারি স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়েছে অধিদফতর।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের
স্বাস্থ্য খাতে প্রায় ১০ হাজার নিয়োগের পরিকল্পনা
জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১
পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা
৮১ বছর বয়সে বুকার জয়, ইতিহাস গড়লেন জন হ্যারিসন
শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, দাবি চতুর্থ স্টেজে
সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন