গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম ‘কেনদ্রিক’
সিঙ্গাপুরের বিপক্ষে গোল করে স্ত্রী-সন্তানকে উৎসর্গ। নামের সঙ্গে জড়িয়ে আছে ব্রাজিলিয়ান তারকার নিজের গল্প।
ফুটবল মাঠে গোল করে আলোচনায় আসার পর এবার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করলেন ব্রাজিলিয়ান তরুণ তারকা এনদ্রিক। প্রথমবারের মতো বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ড। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’। মজার বিষয় হলো, এ নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এনদ্রিকের নিজের শৈশব ও পারিবারিক ইতিহাস।
সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে গোল করার পর এনদ্রিকের উদ্যাপন ছিলো বেশ ব্যতিক্রমী। দুই হাতে ভালোবাসার প্রতীক দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন ২০ বছর বয়সী এ ফুটবলার। ম্যাচ শেষে জানা যায়, গোলটি তিনি উৎসর্গ করেছেন স্ত্রী ও নবজাতক সন্তানকে।
গত মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন এনদ্রিক। গোলের পর তার বিশেষ উদ্যাপনও দর্শকদের নজর কাড়ে।
ম্যাচ শেষে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘স্পোরটিভি’কে দেয়া সাক্ষাৎকারে এনদ্রিক জানান, স্ত্রী ও সন্তানের জন্যই গোলটি উৎসর্গ করেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে স্ত্রী তাকে যে অনুপ্রেরণা ও মানসিক শক্তি জোগান, সে জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন এ তরুণ তারকা।
ছেলের নামের পেছনে বিশেষ গল্প
এনদ্রিক ও তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডা গত জুলাইয়ে আয়োজিত বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের নাম প্রকাশ করেছিলেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, ‘কেনদ্রিক’ নামটির সঙ্গে এনদ্রিকের ব্যক্তিগত স্মৃতিও জড়িয়ে রয়েছে।
জানা যায়, মূলত এনদ্রিকের নিজের নামই কেনদ্রিক হওয়ার কথা ছিলো। কিন্তু পরবর্তী সময়ে তার বাবা-মা নামটি পরিবর্তন করে এনদ্রিক রাখেন। ফলে ছেলের নাম হিসেবে কেনদ্রিক বেছে নেয়ার মধ্যে রয়েছে পারিবারিক ঐতিহ্যের বিশেষ সংযোগ। নামটির মধ্যে ধর্মীয় তাৎপর্যও খুঁজে পান এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
পরিবারকে রাখেন প্রচারের আড়ালে
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন এনদ্রিক। সন্তানের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করার বিষয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।
এনদ্রিকের মতে, পরিবার তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নিজের পেশাদার ক্যারিয়ারকেও তিনি সমান গুরুত্ব দিতে চান। ভবিষ্যতে তার সন্তান জনসমক্ষে পরিচিত হতে চাইবে কি না, সেটি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি।
এদিকে মাঠের বাইরের জীবনে নতুন দায়িত্ব যুক্ত হলেও ক্লাব ফুটবল নিয়েও ভাবতে হচ্ছে এনদ্রিককে। রিয়াল মাদ্রিদে প্রত্যাশা অনুযায়ী নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় আগামী শীতকালীন দলবদলে তার ক্লাব ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এনদ্রিক জানিয়েছেন, রিয়াল মাদ্রিদকে সহযোগিতা করতে তিনি সব সময় প্রস্তুত।
ফুটবল ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনে বাবা হওয়ার নতুন অভিজ্ঞতা—দুই দিক থেকেই সময়টি বিশেষ হয়ে উঠেছে এনদ্রিকের জন্য। সিঙ্গাপুরের বিপক্ষে তার গোলটি তাই কেবল একটি গোল হয়েই থাকেনি; হয়ে উঠেছে জীবনের নতুন অধ্যায়ের স্মরণীয় উদ্যাপন।
সবার দেশ/এমকেজে




























