Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ২৬ অক্টোবর ২০২৫

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, উপকূলজুড়ে সতর্কতা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, উপকূলজুড়ে সতর্কতা
ছবি: সংগৃহীত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া একটি লঘুচাপ ধীরে ধীরে ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ নিম্নচাপটি পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

শনিবার সকালে (২৫ অক্টোবর) নিম্নচাপটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থান করছিল। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি যদি বর্তমান গতিপথে অগ্রসর হয়, তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়েই বঙ্গোপসাগরে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় দেখা দিতে পারে।

আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, নিম্নচাপটি ক্রমেই ঘণীভূত হচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অনুকূল থাকায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, নিম্নচাপের প্রভাবে আজ শনিবার থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। আগামী বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন দিন দেশের কিছু স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে বলে জানানো হয়েছে।

রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরের এ নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর প্রভাব পড়বে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলে। সেই সঙ্গে জলোচ্ছ্বাসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে আগামী কয়েকদিন জেলেদের গভীর সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ও জানানো হয়েছে—আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১ মিনিটে।

সূত্র : বাসস

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ