বকেয়া সুবিধাসহ ১ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন আযমী
গত ১৭ বছরে সামরিক বাহিনীতে বঞ্চনা, বৈষম্য ও প্রতিহিংসার শিকার হয়েছেন—এমন কর্মকর্তাদের স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সিদ্ধান্তের আওতায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী বকেয়া বেতন-ভাতার পাশাপাশি ১ কোটি টাকার বিশেষ আর্থিক প্রণোদনা পাচ্ছেন।
সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী থেকে অবসরপ্রাপ্ত, অপসারণকৃত ও অব্যাহতিপ্রাপ্ত মোট ১৫০ জন কর্মকর্তাকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ১৫০ কর্মকর্তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন এবং বাংলাদেশ বিমানবাহিনীর ১৪ জন রয়েছেন। বিগত সরকারের সময়ে বৈষম্য ও অবিচারের শিকার হওয়ায় তাদের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের স্বাভাবিক অবসর কিংবা ভূতাপেক্ষ পদোন্নতি দেয়া হবে। একই সঙ্গে প্রাপ্য বকেয়া বেতন-ভাতা, অন্যান্য আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ আর্থিক প্রণোদনাও দেয়া হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে ২০০৯ সালের ২৪ জুন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাকে ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হিসেবে মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়া হয়েছে।
এছাড়া ২০১৪ সালের ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হিসেবে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে বয়সসীমা অনুযায়ী স্বাভাবিক অবসর প্রদান করা হয়েছে।
আর্থিক সুবিধার অংশ হিসেবে আবদুল্লাহিল আমান আযমী তার প্রাপ্য সময়ের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধার পাশাপাশি বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে ১ কোটি টাকা পাবেন।
এ ছাড়া বয়স ও যোগ্যতা বিবেচনায় তাকে ভবিষ্যতে যেকোনও সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুযোগও রাখা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সবার দেশ/কেএম




























