সংসদে চ্যালেঞ্জ হাসনাত আবদুল্লাহর
‘১ টাকার দুর্নীতির প্রমাণ দিন, সংসদ থেকে ইস্তফা দেবো’
নিজের বিরুদ্ধে এক টাকারও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে জাতীয় সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বাজেট আলোচনার একপর্যায়ে ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দেয়ার জন্য দাঁড়ান হাসনাত আবদুল্লাহ। ডেপুটি স্পিকার তাকে এক মিনিট সময় দিলে তিনি সাম্প্রতিক কিছু বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমি আমার বক্তব্যের কোথাও এ কথা বলিনি যে আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি বলেছি, আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেনো কোনও কারণে বঞ্চিত না করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, সংসদে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আজকেও এ সংসদে আমরা দেখেছি জুলাই সংশ্লিষ্টদের উদ্দেশে কিছু কথা বলা হয়েছে যে, আমরা আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি।
সরকারদলীয় সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এখন সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে রয়েছে—ডিজিএফআই, এনএসআই, পুলিশ, মিলিটারি—সবাই আপনাদের নিয়ন্ত্রণে। দায়িত্বশীল জায়গা থেকে অভিযোগের সুরে অভিযোগ না এনে তদন্ত করুন।
এরপরই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, তদন্ত করে যদি ১ টাকার দুর্নীতি, ১ টাকার কোনও ধরনের অসৎ উপায়ের প্রমাণ দিতে পারেন, তাহলে আমরা এ সংসদ থেকে ইস্তফা দেব।
তার এ বক্তব্যের পর সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়। রাজনৈতিক অঙ্গনেও বক্তব্যটি নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলনের নেতাদের জীবনযাপন, আর্থিক অবস্থা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। সে প্রেক্ষাপটেই সংসদে নিজের অবস্থান তুলে ধরে তদন্তের আহ্বান জানান এনসিপির এ সংসদ সদস্য।
সবার দেশ/কেএম




























