Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৬, ১ সেপ্টেম্বর ২০২৬

আনুগত্য ও শপথের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখার দাবি

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বিদেশি নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং তাদের নিয়োগ ও শপথ গ্রহণের সাংবিধানিক বৈধতা যাচাইয়ের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আসলাম মিয়া মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ নোটিশ পাঠান।

আইনজীবী আসলাম মিয়া জানিয়েছেন, সাত দিনের মধ্যে নোটিশের জবাব না পাওয়া গেলে হাইকোর্টে রিটসহ প্রয়োজনীয় আইনগত প্রতিকার চাওয়া হবে।

নোটিশে সংবিধানের ৫৬, ৬৬ ও ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের আলোকে দুই মন্ত্রীর নিয়োগ, যোগ্যতা, নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং শপথের সাংবিধানিক বৈধতা যাচাইয়ের দাবি জানানো হয়েছে।

নোটিশে সংবিধানের ৬৬(১) অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিক এবং ২৫ বছর বয়স পূর্ণ হয়েছে—এমন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য।

একই সঙ্গে ৬৬(২)(গ) অনুচ্ছেদের আলোকে কোনও ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে অথবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার বা স্বীকৃতি দিলে সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা পদে থাকার ক্ষেত্রে সাংবিধানিক অযোগ্যতার প্রশ্ন উঠতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

তবে সংবিধানের ৬৬(২)(এ)-তে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক কোনো ব্যক্তি পরবর্তী সময়ে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে তা ত্যাগের পর তার সাংবিধানিক অবস্থান সম্পর্কেও বিশেষ বিধান রয়েছে। ফলে সংশ্লিষ্ট দুই ব্যক্তির নাগরিকত্বের ইতিহাস এবং বর্তমান আইনগত অবস্থান যাচাই করা প্রয়োজন বলে নোটিশে দাবি করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ক্ষেত্রে তার বর্তমান নাগরিকত্বের অবস্থা, অতীতে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছিলেন কি না, বিদেশি পাসপোর্ট ধারণ করেছেন বা করছেন কি না এবং কোনও বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ বা ঘোষণা দিয়েছেন কি না—এসব তথ্য যাচাইয়ের দাবি জানানো হয়েছে।

বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে থাকলে তা কবে গ্রহণ করেছেন এবং কবে তা পরিত্যাগ করেছেন—সে তথ্যও পরীক্ষা করার কথা বলা হয়েছে।

একই ধরনের যাচাইয়ের দাবি জানানো হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের ক্ষেত্রেও।

নোটিশে দুই ব্যক্তির নাগরিকত্ব, পাসপোর্ট, অভিবাসন, জাতীয়তা এবং নাগরিকত্ব গ্রহণ বা ত্যাগসংক্রান্ত রেকর্ডসহ সংশ্লিষ্ট নথি সংগ্রহ ও পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে।

দুই মন্ত্রীর দায়িত্ব গ্রহণের সাংবিধানিক বৈধতা নিয়েও নোটিশে প্রশ্ন তোলা হয়েছে।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, তৃতীয় তফসিলে উল্লিখিত পদে নিয়োগ পাওয়া ব্যক্তিকে দায়িত্ব গ্রহণের আগে নির্ধারিত শপথ বা ঘোষণা করতে হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথে বাংলাদেশের প্রতি বিশ্বাস ও আনুগত্য এবং সংবিধান সংরক্ষণ, রক্ষা ও প্রতিরক্ষার অঙ্গীকার রয়েছে।

নোটিশে দাবি করা হয়েছে, এ সাংবিধানিক শর্তের সঙ্গে দুই মন্ত্রীর নাগরিকত্ব ও বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্যের বিষয়টি সামঞ্জস্যপূর্ণ কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

নোটিশে বলা হয়েছে, ড. খলিলুর রহমান ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার নিয়োগ ও দায়িত্ব গ্রহণের সময় সাংবিধানিক যোগ্যতা ও শর্তগুলো পূরণ করা হয়েছিলো কি না, তা পরীক্ষা করার দাবি জানানো হয়েছে।

একইভাবে হুমায়ুন কবিরের নিয়োগ ও দায়িত্ব গ্রহণও সংবিধানের সংশ্লিষ্ট বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে কি না, তা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, যাচাইয়ের পর যদি কোনও সাংবিধানিক অযোগ্যতা পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অন্যদিকে যাচাইয়ে কোনও অযোগ্যতা পাওয়া না গেলে তাদের নিয়োগ ও দায়িত্বে বহাল থাকার সাংবিধানিক ও আইনগত ভিত্তিও স্পষ্ট করার দাবি জানানো হয়েছে।

অর্থাৎ নোটিশদাতা সরাসরি দুই মন্ত্রীকে বিদেশি নাগরিক বা সাংবিধানিকভাবে অযোগ্য ঘোষণা করার দাবি করেননি; বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে যাচাই করার আহ্বান জানিয়েছেন।

আইনজীবী আসলাম মিয়া জানিয়েছেন, তার পাঠানো নোটিশকে দুই মন্ত্রীর বিরুদ্ধে কোনও চূড়ান্ত অভিযোগ বা সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই।

তার বক্তব্য অনুযায়ী, নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং সাংবিধানিক যোগ্যতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, সেগুলো সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করাই নোটিশের মূল উদ্দেশ্য।

সাত দিনের মধ্যে বিষয়টির নিষ্পত্তি না হলে কিংবা সাংবিধানিক প্রশ্নগুলো অনিষ্পন্ন থাকলে সংবিধান ও আইনে বিদ্যমান প্রতিকার পেতে উপযুক্ত বিচারিক বা সাংবিধানিক ফোরামে যাওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী