সাংবাদিকদের বিজিবি মহাপরিচালক
ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
ডিসেম্বর মাসে বিতর্কিত কোনও ব্যক্তি যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত, অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। পরে তিনি সীমান্তবর্তী এলাকা ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দেশের সব সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ পথে কোনও ব্যক্তি যাতে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে না পারে, তা নিশ্চিত করতে কাজ করছে বাহিনীটি।
তিনি বলেন, আজ আমি ফেনী, কুমিল্লা এবং আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করছি। সীমান্তে আমাদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়ন, দেশ ও জাতির প্রত্যাশা পূরণ এবং সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যেই সরেজমিনে এসব এলাকা পরিদর্শন করা হচ্ছে।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ সময়ে বিতর্কিত কোনও ব্যক্তি যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও চেয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। কেউ সন্দেহজনকভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ বা দেশ থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে—এমন কোনও তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানাতে হবে।
স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বিজিবি মহাপরিচালক।
তিনি বলেন, সীমান্তে কোনও ধরনের অবৈধ তৎপরতা যাতে ঘটতে না পারে, সে জন্য বিজিবি সতর্ক রয়েছে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা পাওয়া গেলে নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করা সম্ভব হবে।
সবার দেশ/কেএম




























