Sobar Desh | সবার দেশ প্যারিস (ফ্রান্স) থেকে মুহাম্মদ নূরুল ইসলাম

প্রকাশিত: ২২:৩৭, ২৮ মে ২০২৬

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত 

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত 
বাংলাদেশেীদের বৃহৎ দ্বীনি প্রতিষ্ঠান লো গ্লোব মসজিদ ও মুসলিম কালচারাল সেন্টারে আয়োজিত ঈদ জামাত। ছবি: সবার দেশ

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ধর্মীয় ভাবগাম্ভীর্য, সামাজিক সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে। রাজধানী প্যারিসসহ আশপাশের বিভিন্ন শহরে ঈদের নামাজ, কোরবানি, পারিবারিক মিলনমেলা এবং নানা সামাজিক-সাংস্কৃতিক আয়োজন ঘিরে দিনভর ছিল উৎসবের আমেজ। প্রবাসজীবনের ব্যস্ততা ও স্বজনহীনতার কষ্ট ভুলে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

ঈদকে ঘিরে কয়েক দিন আগ থেকেই প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে শুরু হয় উৎসবের প্রস্তুতি। লা শাপেল, সাঁ-দেনি, ওবেরভিলিয়ে ও সারসেল এলাকার বাংলাদেশি দোকানপাটে ছিলো উপচেপড়া ভিড়। নতুন পোশাক, আতর, টুপি, পাঞ্জাবি, শাড়ি এবং শিশুদের ঈদের পোশাক কিনতে পরিবারগুলোকে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। বাংলাদেশি মুদি দোকান ও হালাল মার্কেটগুলোতেও ছিল বাড়তি কর্মচাঞ্চল্য। বিশেষ করে কোরবানির পশু বুকিং, মসলা ও রান্নার উপকরণ কেনাকাটায় প্রবাসীদের আগ্রহ ছিলো চোখে পড়ার মতো।

ঈদের দিন ভোর থেকেই প্যারিসের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি মুসল্লিরা দলে দলে মসজিদ ও অস্থায়ী ঈদগাহের উদ্দেশ্যে রওনা হন। নতুন পোশাকে সজ্জিত শিশু-কিশোরদের উপস্থিতি ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। প্যারিস ও আশপাশের বিভিন্ন মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিদের উপস্থিতি এত বেশি ছিলো যে অনেক জায়গায় অতিরিক্ত জামাতের ব্যবস্থাও করতে হয়েছে।

ঈদের নামাজ শেষে সম্মানিত ইমামরা ঈদুল আজহার তাৎপর্য, আত্মত্যাগের শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। পরে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ ও সহিংসতার শিকার মানুষের শান্তি ও নিরাপত্তা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে মুসল্লিদের মধ্যে দেখা যায় আনন্দঘন পরিবেশ। একে অপরের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণে মেতে ওঠেন সবাই। অনেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ঈদের আনন্দ ভাগাভাগি করেন। ছোটদের হাতে ঈদ সালামি তুলে দেন বড়রা।

প্রবাসে ঈদের অন্যতম বড় আয়োজন কোরবানি। তবে ফ্রান্সে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত কসাইখানার বাইরে পশু জবাই করা নিষিদ্ধ। ফলে আগে থেকেই নিবন্ধনের মাধ্যমে কোরবানির ব্যবস্থা করতে হয়। অনেক বাংলাদেশি পরিবার যৌথভাবে গরু বা ভেড়া কোরবানি দেন। কেউ কেউ স্থানীয় ইসলামিক সেন্টারের মাধ্যমে কোরবানি সম্পন্ন করেন। আবার অনেকে বাংলাদেশে পরিবারের সদস্যদের জন্য কোরবানির ব্যবস্থা করেন।

প্যারিসে বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় রাজধানীর নিকটবর্তী স্তাঁ এলাকায় অবস্থিত ‘লো গ্লোব মসজিদ ও মুসলিম কালচারাল সেন্টারে’, যা প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।

প্রতিবছরের মতো এবারও পাঁচটি ঈদ জামাতের আয়োজন করা হয় এ  মুসলিম সেন্টারে। সকাল সাড়ে সাতটায় প্রথম জামাত শুরু হয় এবং শেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে দশটায়। অন্যান্য বছরের মতো এবারও নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক ও সুব্যবস্থিত ব্যবস্থা রাখা হয়।

লো গ্লোব মসজিদ ও মুসলিম কালচারাল সেন্টারের  সাধারণ সম্পাদক ও কমিউনিটি নেতা কাজী হাবিবুর রহমান হাবিব বলেন, প্রবাসের মাটিতে পবিত্র ঈদের জামাত আয়োজন আমাদের জন্য গভীর আবেগ ও ঐক্যের প্রতীক। ভিন্ন সংস্কৃতি ও পরিবেশের মাঝেও আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্য ধারণ করে একত্রিত হয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এ ঈদ জামাত শুধু ইবাদতের নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

এ ছাড়া সার্খসেল, লা কুরনেভ, ওবেরভিলিয়ে ও মেত্রোওস এলাকায় খোলা মাঠ ও ভাড়া করা হলরুমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাঁ-দেনি এলাকাতেও প্রবাসী সংগঠনগুলোর উদ্যোগে একাধিক ছোট জামাতের আয়োজন করা হয়।

বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের জন্য ঐতিহ্যবাহী গ্রঁদ মস্কো দ্য প্যারিসে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ও ৮টা ৪৫ মিনিটে। এখানে বিভিন্ন দেশের মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ ছাড়া সারসেলের ইনডোর স্টেডিয়ামসহ ফ্রান্সের বিভিন্ন শহরের মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর লিঁওতে এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা সম্মিলিতভাবে ঈদুল আজহার জামাত আয়োজন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। জামাতে অংশগ্রহণকারী সিনিয়র সাংবাদিক ও ফ্রান্সে সাংবাদিকদের সংগঠন এফবিজেএ’র সদস্য নিয়াজ মাহমুদের মতে, এটি ছিলো একটি সুশৃঙ্খল ও সম্প্রীতিময় আয়োজন, যা কমিউনিটির ঐক্যের প্রতিফলন বলে সবাই মনে করেন।

একইভাবে মার্সেই, তুলুজ ও স্ত্রাসবুর্গ শহরেও বাংলাদেশি সম্প্রদায়ের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

প্যারিস প্রবাসী লেখক ও সাংবাদিক হাবিবুল্লাহ ফাহাদ বলেন, প্রবাসে কোরবানি করতে অনেক নিয়ম মানতে হয়। তারপরও আমরা চেষ্টা করি ধর্মীয় বিধান যথাযথভাবে পালন করতে। নামাজের পর যখন এত বাংলাদেশিকে একসঙ্গে দেখি, তখন মনে হয় যেন দেশের ঈদের পরিবেশেই আছি।

আরেক প্রবাসী ফাতেমা বেগম বলেন, ঈদের সময় সবচেয়ে বেশি মনে পড়ে বাবা-মা আর গ্রামের বাড়ির কথা। সকালে নামাজ শেষে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছি। মন খারাপ হলেও এখানে কমিউনিটির সবাই মিলে আনন্দ ভাগাভাগি করি।

ঈদের দিন বাংলাদেশি পরিবারগুলোতে ছিল নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। পোলাও, রেজালা, কোরমা, কাবাব, গরুর ভুনা, সেমাই ও পায়েসের সুবাসে মুখর হয়ে ওঠে প্রবাসী ঘরগুলো। আত্মীয়স্বজন না থাকলেও বন্ধুবান্ধব ও পরিচিতজনদের নিয়ে দাওয়াত ও আড্ডায় জমে ওঠে ঈদের আনন্দ। অনেকেই দেশের স্বাদ ধরে রাখতে বাংলাদেশি মসলা ও রেসিপি অনুসরণ করে রান্না করেন।

ঈদ উপলক্ষে ফ্রান্সের বিভিন্ন বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের খেলাধুলা ও বিনোদনের আয়োজন করে। কোথাও ছিল কুইজ প্রতিযোগিতা, কোথাও গান ও কবিতা আবৃত্তি। নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন কমিউনিটি নেতারা।

তরুণ প্রজন্মের অনেকেই জানান, প্রবাসে বেড়ে উঠলেও ঈদের মাধ্যমে তারা নিজেদের শেকড় ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ পাচ্ছেন। প্যারিসে জন্ম নেয়া এক কিশোরী বলে, ঈদের সময় সবাই একসঙ্গে হয়। বাংলা খাবার, পোশাক আর অনুষ্ঠান দেখে বাংলাদেশকে আরও কাছ থেকে অনুভব করতে পারি।

ঈদকে কেন্দ্র করে মানবিক কার্যক্রমও চালিয়েছেন অনেকে। প্রবাসী বাংলাদেশিদের কেউ দেশে অসচ্ছল আত্মীয়স্বজনের কাছে অর্থ পাঠিয়েছেন, কেউ আবার ফ্রান্সে নতুন আসা অভিবাসী বা অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। ফলে ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত উদযাপনে সীমাবদ্ধ না থেকে সামাজিক সহমর্মিতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। হাজার মাইল দূরে থেকেও তাদের হৃদয়ে যে বাংলাদেশ বেঁচে আছে, ঈদের এ মিলনমেলা যেন তারই এক জীবন্ত প্রতিচ্ছবি।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত
আমেরিকার জরুরি তেলের ভান্ডার দ্রুত খালি করছেন ট্রাম্প
ঈদেও ভাঙলো না চামড়াবাজারের অচলাবস্থা
ভাইরাল সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে মিরপুর চিড়িয়াখানায়
পদ্মায় ৩০ গরুসহ ট্রলারডুবি, দুই দিন পর মিলল ব্যবসায়ীর লাশ
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী
স্বামীর জীবনসংকটে প্যারোলে মুক্তি চাইলেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
এভারেস্ট জয়ে ইতিহাস গড়লেন নুরুন্নাহার নিম্নি
আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, তদন্তে পুলিশ
লেবাননে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ৩১
আজ ফরিদপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
ওয়াশিংটনের ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
বাংলাদেশ সীমান্তে শত শত মানুষের ভিড়
ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ
উত্তরা মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুরহাট উচ্ছেদ
রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু
চীন সফরের প্রতিনিধি দলে জকসুর কেউ নেই, ক্ষুব্ধ ছাত্রদল নেতারা
নারী সহকর্মীকে সাত বছর ধরে যৌন নির্যাতন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিমি যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ