নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
শেরপুরের নকলায় মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধঘোষিত জঙ্গি ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার গণপদ্দি ইউনিয়নের মেদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারদের আদালতে নেয়ার সময় নকলা থানার সামনে ভিড় করেন তাদের স্বজনেরা। এ সময় স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রিয়জনদের গ্রেফতারের ঘটনায় থানার সামনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গণপদ্দি ইউনিয়নের মেদীরপাড় এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতাররা হলেন ইমরান পারভেজ (১৭), পিয়াল মিয়া (১৮), রুদ্র শাহ (১৮), মাহমুদুল হাসান (১৬), আলামিন (১৭), পিয়াল রানা (১৭), সাখাওয়াত হোসেন (১৭), সৌরভ শাহরিয়ার (১৭), গোলাম শাহরিয়ার (১৭), নাজমুল হাসান নাঈম (১৬), তুষার আহমেদ (১৫), রিমন মিয়া (১৬) ও নয়ন মিয়া (১৮)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, গ্রেফতার ১৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মসূচি ঘিরে মিছিলের প্রস্তুতির খবর পেয়েই অভিযান চালানো হয়। তবে গ্রেফতারদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সবার দেশ/কেএম




























