মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার
একই পরিবারের দুই ভাই ও এক বোনের লাশ মিলেছে; এখনও নিখোঁজ বাবা হেলাল উদ্দিন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তিনজন সম্পর্কে ভাই-বোন। এখনও নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
শুক্রবার \(২৫ সেপ্টেম্বর\) গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনের মেঘনা নদী থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া তিনজন হলেন—হেলাল উদ্দিনের বড় ছেলে সজীব, ছোট ছেলে শামীম এবং বড় মেয়ে সামিয়া।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ। তার সন্ধানে মেঘনা নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের কয়েকজন একটি ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
পথে মেঘনা নদীতে ঝড় ও তীব্র বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার সময় ট্রলারে থাকা পাঁচজন পানিতে পড়ে নিখোঁজ হন।
পরে তাৎক্ষণিকভাবে রায়েসা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। তবে একই পরিবারের চারজন—হেলাল উদ্দিন ও তার তিন সন্তান—নিখোঁজ ছিলেন।
দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ মেঘনা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলো। প্রায় দুই দিন পর শুক্রবার গভীর রাতে ও শনিবার সকালে একে একে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
শনিবার সকালে মেঘনা নদী থেকে সামিয়ার লাশ উদ্ধার করা হয়। পরে সোনারগাঁ থেকে অ্যাম্বুলেন্সে করে তার লাশ কুমিল্লার হোমনার শ্রীমদ্দি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
স্বজনদের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ ব্যক্তি হেলাল উদ্দিনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
মেঘনা নদীর স্রোত ও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্ধারকারী দল নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত নিখোঁজ হেলাল উদ্দিনের সন্ধান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সবার দেশ/এমকেজে




























