৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন
নিরাপত্তা জোরদারে ৫ জেলায় বিজিবি মোতায়েন
দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় দেশের পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলো হলো কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার।
সোমবার (২২ জুন) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উল্লিখিত পাঁচ জেলায় বিজিবির সদস্যরা মোতায়েন হয়েছেন। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মোতায়েনকৃত সদস্যরা আগামী ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা মাঠে সক্রিয় থাকবেন।
এদিকে শুধু পাঁচ জেলা নয়, দেশের অন্যান্য জেলাগুলোতেও প্রয়োজন দেখা দিলে দ্রুত মোতায়েনের লক্ষ্যে বিজিবির অতিরিক্ত সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে তারা তাৎক্ষণিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন।
বিজিবি জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনও পরিস্থিতি মোকাবেলায় বাহিনীটি সবসময় প্রস্তুত রয়েছে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতির ওপর নজরদারি জোরদার এবং জনমনে আস্থা বজায় রাখতেই এ বিশেষ মোতায়েনের উদ্যোগ নেয়া হয়েছে। বিজিবির উপস্থিতির ফলে সংশ্লিষ্ট জেলাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সহায়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























