Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৪, ২৬ জানুয়ারি ২০২৬

দায়মুক্তি দিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ

জুলাই গণঅভ্যুত্থানকারীদের পূর্ণ আইনি সুরক্ষা দিলো রাষ্ট্র

জুলাই গণঅভ্যুত্থানকারীদের পূর্ণ আইনি সুরক্ষা দিলো রাষ্ট্র
ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে রাষ্ট্রপতি ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন। এ অধ্যাদেশের ফলে গণঅভ্যুত্থানে অংশগ্রহণের কারণে দায়ের হওয়া সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের কোনও মামলা দায়ের করা যাবে না।

রোববার (২৫ জানুয়ারি) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটির গেজেট প্রকাশ করা হয়। এর আগে গত ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয়া হয়েছিলো।

অধ্যাদেশে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতা একটি সর্বাত্মক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটায়। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংঘটিত এ আন্দোলন পরবর্তীতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে স্বীকৃতি পায়। ওই সময় ফ্যাসিবাদী সরকারের নির্দেশে নির্বিচার হত্যাকাণ্ড ও সশস্ত্র হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং জনশৃঙ্খলা পুনর্বহাল ও নিশ্চিত করতে আত্মরক্ষাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ অনিবার্য হয়ে ওঠে।

অধ্যাদেশে আরও উল্লেখ করা হয়, এ প্রতিরোধ ও জনশৃঙ্খলা রক্ষার প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গণঅভ্যুত্থানকারীদের সংবিধানের ৪৬ অনুচ্ছেদ অনুযায়ী আইনি সুরক্ষা দেয়া প্রয়োজন। সে কারণেই এ অধ্যাদেশ জারি করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, কোনো গণঅভ্যুত্থানকারীর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের কারণে যদি কোনও মামলা, অভিযোগ বা কার্যধারা দায়ের করা হয়ে থাকে, তাহলে পাবলিক প্রসিকিউটর বা সরকারনিযুক্ত আইনজীবীর প্রত্যয়ন সাপেক্ষে সংশ্লিষ্ট আদালতে আবেদন দাখিল করা হবে। আবেদন জমা পড়ার পর আদালত ওই মামলায় আর কোনো কার্যক্রম গ্রহণ করবেন না। আইন অনুযায়ী সেটি প্রত্যাহার হয়েছে বলে গণ্য হবে এবং অভিযুক্ত ব্যক্তি অবিলম্বে অব্যাহতি বা খালাস পাবেন।

তবে জুলাই গণঅভ্যুত্থানকালে কোনও হত্যাকাণ্ড সংঘটনের অভিযোগ থাকলে তা জাতীয় মানবাধিকার কমিশনে দাখিল করা যাবে। কমিশন অভিযোগ তদন্তের ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’-এ যা কিছুই থাকুক না কেনো, যদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি কোনও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা বাহিনীতে, যেমন পুলিশ বা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত থাকেন, তাহলে সে প্রতিষ্ঠান বা বাহিনীর বর্তমান বা সাবেক কোনও কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া যাবে না।

তদন্ত চলাকালে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার বা হেফাজতে নেয়ার প্রয়োজন হলে তদন্তকারী কর্মকর্তাকে যুক্তিসংগত কারণ উল্লেখ করে কমিশনের পূর্বানুমোদন নিতে হবে বলেও অধ্যাদেশে বলা হয়েছে।

মানবাধিকার কমিশনের তদন্তে যদি প্রমাণিত হয় যে অভিযোগটি বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে সংঘটিত কোনও অপরাধমূলক অপব্যবহার ছিলো, তাহলে কমিশন সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন দাখিল করবে। আদালত সেটিকে পুলিশ প্রতিবেদন হিসেবে গণ্য করে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

অন্যদিকে, তদন্তে যদি দেখা যায় যে অভিযোগে উল্লিখিত কাজ রাজনৈতিক প্রতিরোধের অংশ ছিলো, তাহলে কমিশন উপযুক্ত মনে করলে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারকে নির্দেশ দিতে পারবে। এ ক্ষেত্রে আদালতে কোনও মামলা দায়ের করা যাবে না কিংবা অন্য কোনো আইনগত কার্যধারা গ্রহণ করা যাবে না।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, এর উদ্দেশ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনে বিধি প্রণয়ন করতে পারবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি