সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
রাজনীতিতে শুধু কথা বলার মানুষ নয়, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার মানুষেরও প্রয়োজন রয়েছে। সামান্তা শারমিনের মতো ব্যক্তিত্বের রাজনৈতিক পরিসর আরও বিস্তৃত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি সদ্য এনসিপি থেকে পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের রাজনৈতিক ভূমিকা ও ব্যক্তিগত গুণাবলির প্রশংসা করেন।
সামান্তা শারমিনকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা তুলে ধরে তাসনিম জারা বলেন,
রাজনীতিতে কথা বলার মানুষের অভাব নেই। কিন্তু মানুষের কথা শোনার মানুষ খুবই বিরল। সামান্তা শারমিনের মধ্যে এ বিরল গুণটি রয়েছে।
তিনি লেখেন, নিরলসভাবে কাজ করার ব্যস্ততার মধ্যেও কেউ কথা বলতে এলে সামান্তা থেমে যান। মনোযোগ দিয়ে পুরো কথা শোনেন। কখনোই অপর প্রান্তের মানুষকে বুঝতে দেন না যে তার হাতে সময় কম কিংবা অন্য কোনও কাজের তাড়া রয়েছে। মানুষের জীবনকে গভীরভাবে বোঝা এবং তাদের পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই তিনি মানুষের কাছে যান।
তাসনিম জারা আরও বলেন, সামান্তা শারমিনের রাজনৈতিক পথচলা এখনও অনেক বাকি। দেশীয় রাজনীতিতে তার মতো মানুষের উপস্থিতি ও ভূমিকা আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক দীর্ঘ বার্তায় এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান সামান্তা শারমিন। একই সঙ্গে পদত্যাগের কারণ এবং দলের সঙ্গে তার দূরত্ব তৈরির পেছনের ঘটনাগুলো তুলে ধরেন তিনি।
সামান্তা জানান, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে দলের অন্যদের সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয়েছিলো। বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোটের বিষয়ে তিনি শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করে সামান্তা শারমিন বলেন,
জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনও বিবেচনাতেই মিত্র হওয়ার যোগ্য নয়। দলটির সঙ্গে রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্তের জন্য এনসিপিকে ভবিষ্যতে কঠিন মূল্য দিতে হবে বলেও তিনি আগেই সতর্ক করেছিলেন।
তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, জোট গঠনের প্রশ্নে আদর্শিক অবস্থান ও রাজনৈতিক কৌশল নিয়ে মতবিরোধ এনসিপির সঙ্গে তার দূরত্ব তৈরির অন্যতম কারণ। শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে পদত্যাগের পর তাসনিম জারার এ প্রতিক্রিয়া সামান্তা শারমিনের রাজনৈতিক ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সবার দেশ/কেএম




























