ক্রসফায়ার বক্তব্যে আইজিপির অপসারণ চায় এনসিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তাকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে দলটি।
এনসিপির মতে, সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানোর বিষয়ে আইজিপির বক্তব্য সংবিধান, আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। এ ধরনের বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেয়ার বিপজ্জনক প্রবণতা তৈরি করতে পারে বলেও মনে করে দলটি।
সম্প্রতি এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপি বলেছে, সরকারের অনুমোদন থাকলেও কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বৈধ হয়ে যায় না।
দলটির বিবৃতিতে বলা হয়, বিএনপি তাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার ১৪ নম্বর দফায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকার করেছিলো। কিন্তু বর্তমান সরকারের নিয়োগ দেয়া আইজিপির বক্তব্য সে অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে এনসিপি। দলটির দাবি, এ ঘটনা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও দায়িত্ব পালনের যোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ ১৫ বছরের বেশি সময়ের শাসনামলে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিচারবহির্ভূত হত্যা, গুম ও নিপীড়নের যে অভিযোগ উঠেছিল, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল সে সংস্কৃতির অবসান। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে পুলিশের শীর্ষ পর্যায় থেকে আবারও এ ধরনের বক্তব্য দেয়া উদ্বেগজনক বলে মনে করে দলটি।
এনসিপির ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ঢাকতে ক্রসফায়ারের মতো পদ্ধতির কথা বলা গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বেআইনি বলপ্রয়োগে উৎসাহিত করতে পারে এবং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াতে পারে।
বিবৃতিতে এনসিপি আরও বলেছে, সরকারি কোনও নির্দেশ আইনবিরোধী হলে তা পালন করার বাধ্যবাধকতা নেই। দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আইনের সীমার মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করেছে দলটি।
আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় পুলিশ বাহিনীকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়ে এনসিপি বলেছে, পুলিশকে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রয়োজনীয় সংস্কার জরুরি। এ লক্ষ্যে জুলাই সনদে বর্ণিত পথ অনুসরণ করে অবিলম্বে পুলিশ কমিশন গঠনেরও দাবি জানিয়েছে দলটি।
সবার দেশ/কেএম




























