হাসপাতালে ভর্তি ১১০
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
বর্ষা মৌসুমের শুরুতেই দেশে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৫ জন বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চিকিৎসা নিয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে আটজন, রাজশাহী বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি খুলনা বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে এবং মে ও জুন মাসে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একই সময়ে চিকিৎসা শেষে ৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৩ হাজার ১৩৮ জন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৭ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সতর্কতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
সবার দেশ/কেএম




























