Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ১৭ আগস্ট ২০২৬

কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের ১২৭ যাত্রী

কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের ১২৭ যাত্রী
ছবি: সংগৃহীত

নেপালের কাঠমাণ্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় যাত্রীদের নিয়ে সেটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়েছে। পরে ফ্লাইটটি বাতিল করা হলে শতাধিক যাত্রী দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষায় পড়ে ভোগান্তিতে পড়েন।

রোববার (১৬ আগস্ট) বিকেলে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ফ্লাইটটির নম্বর বিজি-৩৭২। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৪টায় ফ্লাইটটির কাঠমাণ্ডু থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিলো। এর প্রায় এক ঘণ্টা আগে বিকেল ৩টা থেকে যাত্রীদের বোর্ডিং শুরু হয়।

যাত্রীরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী বোর্ডিং শেষ করে তাদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ছেড়ে রানওয়ের দিকে যাচ্ছিলো। কিছুক্ষণ পরই যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। পরে উড়োজাহাজটি ঘুরিয়ে আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

এরপর যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে টার্মিনালে অপেক্ষা করতে বলা হয়। প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেও ফ্লাইটটি কখন ছাড়বে, বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করা হবে কি না কিংবা যাত্রীদের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে—এসব বিষয়ে শুরুতে স্পষ্ট কোনও তথ্য না পাওয়ায় তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এক যাত্রী বলেন, দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীরা। ফ্লাইটের বিষয়ে পরিষ্কার তথ্য না থাকায় অনেকেই উৎকণ্ঠায় ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমাণ্ডু কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার বলেন, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের নামিয়ে দেয়া হয়েছে। ত্রুটি মেরামতে ঠিক কত সময় লাগবে, তা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

তিনি বলেন, বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। অন্যান্য যাত্রীদেরও বিমানের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বাবুল আক্তার জানান, কাঠমাণ্ডু-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালিত হয়। বিজি-৩৭২ ফ্লাইটে প্রায় ১২৭ জন যাত্রী ছিলেন। তাদের দ্রুত ঢাকায় পৌঁছে দিতে পরবর্তী ফ্লাইটে নেয়ার প্রস্তুতি চলছে।

প্রয়োজনে কাঠমাণ্ডুতে বিমানের একটি বড় উড়োজাহাজ পাঠানোরও প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি। বড় উড়োজাহাজটি কাঠমাণ্ডুতে পৌঁছালে বিজি-৩৭২ ফ্লাইটের সব যাত্রীকে একসঙ্গে ঢাকায় নেয়ার ব্যবস্থা করা হবে।

ফ্লাইটের কারিগরি ত্রুটি কী ধরনের এবং সেটি মেরামতে কত সময় লাগবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী