Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ১২ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ বহাল

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। ফলে নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনও সংসদ সদস্য ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগষ্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ হুইপ।

নূরুল ইসলাম জানান, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে। সংসদ সদস্যরা তাদের আসন ও বিভক্তি নম্বর অনুযায়ী ভোট দেবেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট রাত পর্যন্ত। তবে সরকারি দলের রাষ্ট্রপতি প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দেবেন এবং মনোনয়নপত্র দাখিলের দিনই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন, ভোটগ্রহণের পুরো প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গণমাধ্যমের সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানান নূরুল ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোট দেয়ার দৃশ্য গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের সুযোগ দেয়া হবে।

এ ছাড়া ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা এবং ফলাফল প্রস্তুতের কার্যক্রমও ফলাফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা যাবে বলে জানান তিনি।

চিফ হুইপ বলেন, সংসদে মোট ৩৪৯ জন ভোটার রয়েছেন। নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হলে ব্যালট গণনা করে দ্রুত ফলাফল ঘোষণা করা হবে। তবে কোনও ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

সিইসি হবেন রিটার্নিং কর্মকর্তা

রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন চিফ হুইপ। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী কার্যক্রমে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে সংসদ সচিবালয় নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

৭০ অনুচ্ছেদ নিয়ে যা বললেন চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হয়নি। তাই এটি রাষ্ট্রপতি নির্বাচনেও কার্যকর থাকবে।

নিজ দলের পছন্দের প্রার্থীর বাইরে কোনও সংসদ সদস্য ভোট দিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে কোনও সিদ্ধান্ত গ্রহণ করলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হবে।

অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটাধিকার থাকলেও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেয়ার ক্ষেত্রে সাংবিধানিক বিধিনিষেধ বহাল থাকছে। এর ফলে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট কোন প্রার্থীর পক্ষে যাবে, তা নির্ধারণে দলীয় সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাভারে বোমাসহ যুবক আটক, সিটিটিসির অভিযান
চাঁদাবাজি ঘিরে নিউ মার্কেটে ছাত্রদল-যুবদল সংঘর্ষে রণক্ষেত্র
তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ
যশোরের শার্শা উপজেলার স্কুল মাদ্রাসার ফলাফল হতাশাজনক
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মোদির সঙ্গে সাক্ষাৎ
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ২২৪
মোবাইল চুরি করে সিসিটিভি ক্যামেরায় ধরা খেলেন এসআই
বাংলাদেশে কেউ আদিবাসী নই, সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা
দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ
১১ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
যুব বয়সেই উচ্চ রক্তচাপের ছোবল, ১২ শতাংশ আক্রান্ত
গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার পথ বন্ধ হচ্ছে