রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত শপথ অনুষ্ঠানে যোগ দেন ড. ইউনূস। অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিরাও নির্ধারিত সময়ের আগেই বঙ্গভবনে প্রবেশ করেন।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান।
মন্ত্রিসভায় যুক্ত হওয়া নতুন চার মন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত।
এ ছাড়া হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
নতুন মন্ত্রীদের মধ্যে ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
রাষ্ট্রপতির শপথ ও নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, বেসামরিক ও সামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একই দিনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তার শপথের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হয়।
সবার দেশ/কেএম




























