দুপুর ২টায় পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক
মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে নামার ভিডিও ঘিরে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার সকাল সাড়ে ৮টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণার কথা জানান ইশরাক হোসেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন,
আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবো এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।
একই পোস্টে তিনি নিজের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন। তিনি লেখেন, ফেসবুকে কিছু মানুষের উল্লাসসূচক লেখালেখি দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা যেনো জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে সে আন্দোলনে যোগ দেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বিএনপি কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রম চালানোর ঘোষণা
পদত্যাগের ঘোষণা দেয়ার পাশাপাশি ভবিষ্যতে নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পরিকল্পনাও তুলে ধরেছেন ইশরাক হোসেন।
তিনি জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করতে চান। তার ভাষায়, এ কাজে তিনি আগের তুলনায় শতগুণ বেশি সক্রিয় থাকবেন।
এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে মাদক নির্মূলের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ইশরাক লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’
আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্ক
ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণার আগে গত শনিবার রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় তার মাদকবিরোধী অভিযানে অংশ নেয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। তার সঙ্গে থাকা কয়েকজনের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা গেছে বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। মাদকবিরোধী অভিযানে একজন জনপ্রতিনিধির আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেয়ার বিষয়টি বিভিন্ন মহলে প্রশ্নের জন্ম দেয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির মধ্যেও অস্বস্তি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে খবর প্রকাশিত হয়।
তবে এ ঘটনায় পদত্যাগের ঘোষণার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সে বিষয়ে ইশরাকের দুপুরের সংবাদ সম্মেলনে বিস্তারিত বক্তব্য পাওয়া যেতে পারে।
এর আগে পদত্যাগ করেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
এর আগে গত ১ অক্টোবর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগের পর সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি পদত্যাগ করেছিলেন।
ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা কার্যকর হলে সাম্প্রতিক সময়ে বিতর্কের মধ্যে বিএনপির জনপ্রতিনিধিদের পদত্যাগের ঘটনা নতুন করে আলোচনায় আসবে।
সবার দেশ/এমকেজে




























