ভুয়া অডিও রেকর্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সতর্কতা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে ভুয়া অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়েছে। শনিবার (২৯ আগষ্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বা অন্য কোনো মাধ্যমে তৈরি। এতে স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠস্বর যারা জানেন তারা সহজেই বুঝতে পারবেন এটি তার প্রকৃত কণ্ঠ নয়।
২৫ সেকেন্ডের ওই অডিও ক্লিপটি ফেসবুকে ‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ একাধিক ভুয়া আইডি থেকে ছড়ানো হয়েছে। রেকর্ডটিতে ভিপি নুরকে কেন্দ্র করে অজ্ঞাত পরিচয়ের এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিচ্ছেন— এমন বক্তব্য শোনা যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের ভুয়া অডিও জনগণকে বিভ্রান্ত করছে এবং সমাজে গুজব ছড়িয়ে দিচ্ছে। এটি জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দায়ীদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের সতর্ক করা হয় যে, ভুয়া অডিও বা কনটেন্ট তৈরি ও প্রচার করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সবার দেশ/কেএম




























