বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের লাশ উদ্ধার
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন—পাথরঘাটা সদর ইউনিয়নের নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।
ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা জানান, গভীর সমুদ্রে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচ জেলের লাশ পাওয়া গেছে। লাশগুলো একটি মাছ ধরার ট্রলারে করে উপকূলের দিকে আনা হচ্ছে। পাথরঘাটা পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।
এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড় ও ঢেউয়ের মধ্যে পড়ে ‘এফবি বরকত’ ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারটিতে মোট ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর আট জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন পাঁচজন।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, ঘটনার সময় সাগর ছিলো উত্তাল। প্রচণ্ড ঝড় ও তুফানের মধ্যে জাল ফেলার প্রস্তুতি চলছিলো। এ সময় কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায় এবং দ্রুত ডুবে যায়।
তিনি জানান, ট্রলার ডুবে যাওয়ার পর আট জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। তবে পাঁচ জেলের কোনও সন্ধান পাওয়া যাচ্ছিলো না।
নিখোঁজ জেলেদের সন্ধানে দুর্ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু করা হয়। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার গভীর সমুদ্রে পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর মঙ্গলবার পাঁচ জেলের লাশের সন্ধান পাওয়া যায়।
এদিকে পাঁচ জেলের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। লাশগুলো উপকূলে পৌঁছানোর পর পরিচয় নিশ্চিত করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, পাঁচ জেলের লাশ উদ্ধারের খবর তিনি শুনেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি লাশগুলো সরাসরি দেখেননি। খবর পেয়ে তিনি বাদুরতলা এলাকায় অবস্থান করছেন। লাশগুলো পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এ ধরনের দুর্ঘটনা উপকূলীয় জেলেদের জন্য নতুন নয়। তবে একই ঘটনায় পাঁচ জেলের প্রাণহানিতে স্থানীয় জেলে সম্প্রদায়ের মধ্যে শোক ও উদ্বেগ তৈরি হয়েছে।
সবার দেশ/কেএম




























