লা লিগায় ইয়ামালের জাদুতে বিধ্বস্ত এস্পানিওল
শিরোপার পথ মজবুত করলো বার্সেলোনা
লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখে শিরোপা জয়ের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলো বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে কাতালান ক্লাবটি। রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান এখন বেড়ে দাঁড়িয়েছে ৯ পয়েন্টে।
কাম্প ন্যুয়ে অনুষ্ঠিত ম্যাচে নায়ক ছিলেন তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। নিজের শততম লিগ ম্যাচকে স্মরণীয় করে রাখতে এক গোল করার পাশাপাশি দুটি গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ১০ মিনিটেই ইয়ামালের নেওয়া কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ফেররান তোরেস। এরপর ২৫তম মিনিটে আবারও ইয়ামালের নিখুঁত পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তোরেস।
দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এস্পানিওল। ৫৫তম মিনিটে পল লোসানোর গোলে ব্যবধান কমায় তারা এবং কিছু সময়ের জন্য ম্যাচে চাপও তৈরি করে।
তবে শেষ মুহূর্তে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ৮৭তম মিনিটে গোল করে নিজের শততম ম্যাচকে স্মরণীয় করে তোলেন ইয়ামাল। এর দুই মিনিট পর দ্রুত পাল্টা আক্রমণে গোল করে ব্যবধান আরও বাড়ান মার্কাস র্যাশফোর্ড।
৩১ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে শিরোপার পথে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
সবার দেশ/কেএম




























