Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ১৭ নভেম্বর ২০২৬

৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল শ্রমিকাঞ্চল

মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া

মিরপুর, সাভার ও আশুলিয়ায় সড়ক-মহাসড়ক অবরোধ; পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ শ্রমিকরা।

মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভে নেমেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে রাজধানীর মিরপুরসহ ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।

শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও পরিবহন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। কোথাও কোথাও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

মিরপুরে মেট্রোরেল স্টেশনের নিচে শ্রমিকদের অবস্থান

রাজধানীর মিরপুরে মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে যান। তবে এক হাজারের বেশি শ্রমিক পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।

তাদের অবস্থানের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকার সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

সাভারে পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এদিকে সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মার মোড়ে সড়ক অবরোধের চেষ্টা করেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনার পর ওই এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ফলে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রমেও বিঘ্ন ঘটে।

অন্যদিকে একই দাবিতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় দিকে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

গাজীপুরে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ

শ্রমিক অসন্তোষের প্রভাব পড়ে গাজীপুরেও। ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়। তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা অব্যাহত থাকে।

সাভার-আশুলিয়ায় থমথমে পরিস্থিতি

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলন নতুন করে ছড়িয়ে পড়ায় দেশের অন্যতম প্রধান পোশাকশিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা দেখা দিয়েছে। একদিকে শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলন, অন্যদিকে কারখানা বন্ধ ও সড়ক অবরোধের কারণে উৎপাদন ও পরিবহনব্যবস্থা ব্যাহত হচ্ছে।

শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না এলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শ্রমিক প্রতিনিধি, কারখানা মালিক ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে দ্রুত সমঝোতা জরুরি হয়ে উঠেছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে বাংলাদেশের কর্মীদের দক্ষতার জয়, জাম্বিয়ায় ৯ সদস্যের দল
তারেক রহমানের অবহেলায় পদত্যাগ ওসমান ফারুকের: ঢাবি অধ্যাপক
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন দিয়েছে জঙ্গি আ.লীগ
নতুন চমকে রোমাঞ্চিত তাহসান
গাজীপুরে আগুন সন্ত্রাসী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
টুঙ্গিপাড়ায় হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের আগুনে জ্বলছে টুঙ্গিপাড়া থানা
প্রতি ইউনিয়নে আগুন দেয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন দুদকের
এমপি পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, নতুন ইতিহাস
রামিসা হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না আক্তার খালাস
মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
আওয়ামী নাশকতার জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম
ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
আটক সাঈদ খোকন ডিবি হেফাজতে