Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৫, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৯:০৭, ১০ মার্চ ২০২৬

সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে একঝাঁক নারী আইনজীবী

সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে একঝাঁক নারী আইনজীবী
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে একঝাঁক নারী আইনজীবীর নাম। বিশেষ করে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রাপ্য ৩৫টি আসনে মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও মূল্যায়ন।

মনোনয়নপ্রত্যাশী এ নারী আইনজীবীদের অনেকেই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। গত প্রায় ১৭ বছরে আন্দোলন-সংগ্রামের সময় তাদের অনেকেই মামলা-হামলার শিকার হয়েছেন, কারাবরণ করেছেন এবং রিমান্ডেও যেতে হয়েছে। কারও কারও পরিবারও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে বলে দলীয় সূত্রে দাবি করা হচ্ছে।

এ তালিকার শীর্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। তিনি বিএনপি সরকারের সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আইনজীবী রাজনীতিতে তিনি অত্যন্ত সক্রিয় এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সুপ্রিম কোর্ট কেন্দ্রিক কর্মসূচিগুলোতে অগ্রভাগে ছিলেন। আইনজীবী মহলেও তার জনপ্রিয়তা রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সক্রিয় সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ ন্যাশনাল ওমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, বাংলাদেশ ল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার ও সামাজিক ইস্যুতেও তিনি সোচ্চার ভূমিকা রেখে আসছেন।

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট মরিয়ম মনসুরও। ২০০৭ সালের ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আইন অঙ্গনে যে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠে, তাতে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। বিএনপির রাজনীতি তার পারিবারিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মন্ত্রিসভার বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট মো. মনসুর আলীর কন্যা। পেশাগত জীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

আলোচনায় থাকা আরেকজন হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা। তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য ও হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা। ২০১৫ সালে চট্টগ্রামের বাঁশখালীতে তাকে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার করা হয় বলে দলীয় সূত্রে দাবি করা হয়। পরে দীর্ঘ কারাভোগের পর তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান। বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা ব্যারিস্টার সালিমা তালুকদার আরুনী। আওয়ামী লীগ সরকারের সময় তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। পরে ২০২৫ সালের দিকে দেশে ফিরে পিতার নির্বাচনী এলাকা জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে রাজনৈতিকভাবে সক্রিয় হন। তিনি এ আসনের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের মনোনয়নও প্রত্যাশা করছেন।

একইভাবে আলোচনায় রয়েছে বিএনপির সাবেক প্রভাবশালী নেতা হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর নাম। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে আইন পেশায় যুক্ত ছিলেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং নিজস্ব আগ্রহের কারণে তিনিও সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন প্রত্যাশা করছেন।

রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত অ্যাডভোকেট মিনা বেগম মিনিও আলোচনায় রয়েছেন। রাজনৈতিক অঙ্গনে তাকে অনেকেই ‘স্লোগান কন্যা’ নামে চেনেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি বহুবার হামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত মিনা বর্তমানে মহিলা দলের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আরও রয়েছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন এবং দীর্ঘদিন রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন। শেখ হাসিনার সরকারের সময় তিনি একাধিকবার কারাবরণ করেন বলে দলীয় সূত্রে জানা যায়। বর্তমানে তিনি পাবনা জেলা থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী এবং সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।

এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, নিপুণ রায় চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এবং অ্যাডভোকেট শাহিনুর বেগমের নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচনায় রয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ২০৯টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।

জাতীয় সংসদের মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপির প্রাপ্য ৩৫টি আসন। এসব আসনে রাজনীতিকদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের মধ্য থেকে প্রার্থী মনোনয়ন দেয়ার বিষয়ে দলটির ভেতরে বর্তমানে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরান হামলার ৪৮ ঘণ্টায় ফাঁকা মার্কিন অস্ত্রভান্ডার!
সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে একঝাঁক নারী আইনজীবী
শিক্ষা ছাড়াই হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি
ঘুষের অভিযোগে ট্রাইব্যুনালের বিচার প্রশ্নবিদ্ধ: চিফ প্রসিকিউটর
যুদ্ধ ছেড়ে ‘পালানোর পথ’ খুঁজছে ইসরায়েল
বাড়ছে না জ্বালানি তেলের দাম— ভিড় আছে, সংকট নেই: প্রতিমন্ত্রী
বেনগাজির রহস্যময় ‘আবু হাফস’—ইমাম থেকে গুপ্তচর?
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
লেবাননের হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’
ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত!
কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
তেহরানের আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, নিহত ৪০
ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প
রাজধানীতে ৪৭টি মাথার খুলি, কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪
কোটি টাকা ঘুষ চাইলেন প্রসিকিউটর সাইমুম, অডিও ফাঁস
ভারত থেকে আজ আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা: পুলিশ সুপার
যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করবো: ইরান
ট্রাম্পের নীতি এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে, ফাঁদে ওয়াশিংটন