Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ৩ আগস্ট ২০২৬

বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা রাখা তাদের অন্যতম ভুল ছিলো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, জাতীয় রাজনীতিতে এসে তারা বুঝতে পেরেছেন, বাবা-দাদার বয়সী অনেক নেতাও মুখে এক কথা বলে পরের দিন ভিন্ন অবস্থান নিতে পারেন।

রোববার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

১৬ মাস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশিত সহযোগিতা পায়নি। ফলে সরকারও অনেক প্রয়োজনীয় ও সাহসী সংস্কার বাস্তবায়ন করতে পারেনি।

নিজেদের অভিজ্ঞতার ঘাটতির কথা স্বীকার করে তিনি বলেন, ছাত্ররাজনীতির অভিজ্ঞতা থাকলেও জাতীয় রাজনীতির বাস্তবতা সম্পর্কে তাদের ধারণা ছিলো সীমিত। ছাত্রসংগঠনগুলোর রাজনীতি তারা বুঝলেও জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর আচরণ সম্পর্কে শুরুতে সঠিক মূল্যায়ন করতে পারেননি।

আসিফ মাহমুদ বলেন, আমাদের আরেকটি ভুল ছিলো রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা। আমরা কখনও জাতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনীতি করিনি। কিন্তু জাতীয় রাজনীতিতে এসে দেখলাম, আমাদের বাবা-দাদার বয়সী লোকেরাও মুখে এক কথা বলে পরের দিন প্রতারণা করতে পারেন। বিষয়টি আমরা প্রথমে বুঝতে পারিনি। তাদের অনেক বিষয়ে ভরসা করেছিলাম। এটি আমাদের জন্য একটি শিক্ষা। ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, যেহেতু তিনি সরকারের অংশ ছিলেন, তাই আত্মসমালোচনারও সুযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় শত শত, এমনকি হাজার হাজার আন্দোলন হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতার কারণে সরকারের কাজ বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, 

অন্তর্বর্তী সরকার কোনো উদ্যোগ নিলেই কোনও না কোনও রাজনৈতিক দল সেটি ঠেকাতে চাপ সৃষ্টি করতো। রাষ্ট্রপতি পরিবর্তনের আলোচনা চলাকালে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি দল গিয়ে সহযোগিতা না করার অবস্থান নেয় বলেও উল্লেখ করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের আরও কঠোর ও সাহসী সিদ্ধান্ত নেয়ার সুযোগ ছিলো।

সংলাপে সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, শক্তি প্রয়োগ করে সমালোচনার কণ্ঠরোধের চেষ্টা সরকারের জন্য হিতে বিপরীত হবে।

কবি ফরহাদ মজহার বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার বিলোপ ঘটাতে হলে ১৯৭২ সালের সংবিধান বাতিল করতে হবে। একই সঙ্গে একটি টেকসই রাষ্ট্র গঠনে সেক্যুলার ও দক্ষিণপন্থি রাজনৈতিক ধারার মধ্যে ঐক্যের প্রয়োজন রয়েছে বলে মত দেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা শারমিন এস. মুরশিদ বলেন, ১৯৭১ এবং ২০২৪—উভয় চেতনাকেই ধারণ করে সামনে এগোতে হবে। তিনি বলেন, একটি সরকারের পতন ঘটানো এবং রাষ্ট্র পুনর্গঠন সম্পূর্ণ ভিন্ন ধরনের কাজ। দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও পুরোনো রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন ছাড়া কোনও সরকারই সফল হতে পারবে না।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, 

জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ—এমন প্রচার একটি পরিকল্পিত বয়ানের অংশ। মুক্তিযুদ্ধকে গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা পরাজিত শক্তির প্রচারণা বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সাফল্য ছিলো ফ্যাসিবাদী শাসনের পতন। তবে রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা
দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই উড়োজাহাজের সংঘর্ষ
বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথেই হাঁটছে: হাসনাত
টাকা ধার চাইতেই অভিনেত্রীকে যৌন সম্পর্কের প্রস্তাব
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনও অংশে কম নয়: রিজভী
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী
বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস
কোনও দলের ‘পকেটে’ গেলে তাদের অপকর্মের দায়ও সংখ্যালঘুদের: নাহিদ
নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এআই? বাড়ছে বিশেষজ্ঞদের উদ্বেগ
বাংলাদেশ থেকে আসা অমুসলিমরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল