‘প্রেমে পড়া বারণ’, জয়ার মায়াবী লুকে মুগ্ধ ভক্তরা
অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করেছেন আগেই। সৌন্দর্য, ব্যক্তিত্ব আর নিজস্ব ফ্যাশন-ভাবনায়ও বরাবরই আলোচনায় থাকেন অভিনেত্রী জয়া আহসান। বয়সের হিসাবকে যেন পাত্তাই দেন না তিনি। নতুন সাজে, নতুন লুকে মাঝেমধ্যেই চমকে দেন ভক্তদের। এবার হালকা গোলাপি স্যাটিনের পোশাকে মায়াবী রূপে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি নতুন ফটোশুটের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন জয়া। ছবিতে তার পরনে ছিলো গোলাপি আভায় মোড়ানো স্যাটিনের পোশাক। খোলা চুলের ঢেউ, স্নিগ্ধ সাজ আর মায়াবী অভিব্যক্তিতে ছবিগুলোতে ফুটে উঠেছে তার স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা।

কখনও টেবিলে ভর দিয়ে, কখনও চেয়ারে বসে ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন জয়া। পোশাকের কোমল রং আর তার স্বাভাবিক অভিব্যক্তি ছবিগুলোতে যোগ করেছে আলাদা মাত্রা। জমকালো সাজের বদলে স্নিগ্ধ উপস্থিতিতেই যেন ভক্তদের মন জয় করেছেন এ অভিনেত্রী।
তবে ছবিগুলোর সঙ্গে জয়ার দেওয়া ক্যাপশনই বাড়িয়েছে কৌতূহল। মজার ছলে তিনি লিখেছেন, ‘প্রেমে পড়া বারণ’। তার এ ছোট্ট মন্তব্য ঘিরেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে হাসি-ঠাট্টা ও প্রশংসা।

ছবিগুলো প্রকাশ্যে আসার পর মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা আর প্রশংসার বন্যা বয়ে যায়। সংগীতশিল্পী সুনিধি নায়েক মন্তব্য করেছেন, ‘প্রেমে পড়ে গেলাম তো।’ আরেক অনুরাগী লিখেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’

পর্দার অভিনয় থেকে শুরু করে ব্যক্তিগত ফ্যাশন-ভাবনা—সবকিছুতেই নিজের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন জয়া আহসান। নতুন এ ফটোশুটেও তার সৌন্দর্য ও সাবলীল উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে। আর ‘প্রেমে পড়া বারণ’ ক্যাপশনটি ছবিগুলোকে দিয়েছে বাড়তি মজার আবহ।
সবার দেশ/কেএম




























