Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন আজ 

তারেক রহমানের স্বপ্নযাত্রায় নতুন বাংলাদেশ

সকাল ১০টায় সংসদ ভবনে ‘শপথ কক্ষে’  নির্বাচিতদের শপথ পড়াবেন সিইসি। বিকাল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। নতুন প্রজন্মের তারেক রহমান, সরকারের যাত্রা শুরু আজ।

তারেক রহমানের স্বপ্নযাত্রায় নতুন বাংলাদেশ
ফাইল ছবি

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন, রাজনৈতিক উত্থান-পতন এবং জুলাই অভ্যুত্থান-পরবর্তী বদলে যাওয়া প্রেক্ষাপটে আজ দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদীয় রাজনীতির ইতিহাসে এটি এক ব্যতিক্রমী মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্র ও সরকার পরিচালনায় ঘটছে প্রজন্মের পরিবর্তন—শুরু হচ্ছে নতুন প্রজন্মের নেতৃত্বে সরকার পরিচালনার পথচলা।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করানো হবে। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। এরপর বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করবেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীসহ একাধিক বিদেশি অতিথি। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররাও উপস্থিত থাকবেন। সব মিলিয়ে দেশি-বিদেশি প্রায় ১ হাজার ২০০ অতিথির উপস্থিতির কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংসদীয় দলের সভায় নেতা নির্বাচন

সংসদ সদস্যদের শপথের পর সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এ সভায় সংসদ নেতা নির্বাচন করা হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানকেই প্রধানমন্ত্রী মনোনীত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবিধান অনুযায়ী, সংসদীয় দলের নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানাবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আবেদন করবেন। রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করবেন এবং শপথ গ্রহণ সম্পন্ন হবে।

শপথ প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, সংসদ ভবনের নির্ধারিত শপথ কক্ষে নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান হবে। শপথের পর সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করবেন এবং পরিচয়পত্রের জন্য ছবি তুলবেন। প্রয়োজনে কয়েক দফায়, গ্রুপভিত্তিক শপথ অনুষ্ঠিত হতে পারে। পরিচয়পত্র প্রস্তুতের জন্য নির্বাচিতদের জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে আনতে বলা হয়েছে।

এদিকে, সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয় থেকে সিইসিকে আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে বলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন।

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংশয়

একই দিনে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিতদের শপথ পড়ানোর কথা রয়েছে বলে নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে বিএনপি ও তাদের মিত্ররা আজই সে শপথ নেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদের শপথ পড়ানো সিইসির সাংবিধানিক এখতিয়ার হলেও সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

মন্ত্রিপরিষদ সচিবের প্রস্তুতি

শপথের প্রস্তুতি নিয়ে গতকাল তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। বৈঠক শেষে তিনি জানান, শপথ অনুষ্ঠান ঘিরে কিছু কারিগরি ও আনুষ্ঠানিক বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। মন্ত্রীদের জন্য গাড়ি, নিরাপত্তা, বাসস্থান, দফতর প্রস্তুত রাখা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনের ফলাফল

ঘোষিত ফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। স্থগিত থাকা দুটি আসনেও বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। মিত্র দলগুলো পেয়েছে তিনটি আসন। সব মিলিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২। অন্যদিকে জামায়াত এককভাবে পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন জোটের মোট আসন ৭৭।

সব মিলিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠনের পথে এগোচ্ছে বিএনপি। আজকের শপথের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে সূচিত হচ্ছে নতুন অধ্যায়—যেখানে নেতৃত্বে থাকছেন নতুন প্রজন্মের তারেক রহমান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংবিধান সংস্কার পরিষদের শপথে আজ যাচ্ছে না বিএনপি: সালাহউদ্দিন
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা
ইউনূসকে বেছে নিয়েছিলো গণঅভ্যুত্থানের নেতারা: মির্জা ফখরুল
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিন আজ
তারেক রহমানের স্বপ্নযাত্রায় নতুন বাংলাদেশ
হাসিনা ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্ক থামবে না: দ্য হিন্দুকে মির্জা ফখরুল
কারওয়ান বাজারের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
জিইউকে মাদকাসক্ত কেন্দ্রে যুবককে অমানবিক নির্যাতন
ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির কসাই আটক
স্বপ্নের যাত্রার সূচনা, প্রস্তুত সংসদ
জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় নয়: জামায়াত আমির
নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই চূড়ান্ত: নাহিদ ইসলাম
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার পূর্ণ বিদায়ী ভাষণ
চিঠি দিয়ে ক্ষমা চেয়ে মহিমান্বিত হলেন উপদেষ্টা
২৮ বাংলাদেশি জেলেসহ ট্রলার নিয়ে গেলো ভারতীয় কোস্টগার্ড
সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ে সাজানো ফল: মামুনুল হক
টিউলিপকে ফেরাতে প্রত্যর্পণ চাইবে ঢাকা
রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য: বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা