পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে ভয়াবহ বোমা হামলা ও সশস্ত্র আক্রমণে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার গভীর রাতে প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু জেলার ফতেহ খেল পুলিশ চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র কাশিফ খান।
পুলিশ সূত্র জানায়, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চেকপোস্টে আঘাত করে শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। এরপর সশস্ত্র জঙ্গিরা চেকপোস্ট লক্ষ্য করে গুলি ও হামলা চালায়। একের পর এক বিস্ফোরণে চেকপোস্টের একটি বড় অংশ ধসে পড়ে।
ঘটনার পরপরই সাজ্জাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন।
এক বিবৃতিতে বান্নু জেলা পুলিশ জানায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১২ পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো বান্নু জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় তিন পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
এ হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গি হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে অঞ্চলটিতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
তথ্যসূত্র: আরব নিউজ
সবার দেশ/কেএম




























