চীনে ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে দমকল বাহিনীর একাধিক ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধারকারীরা কারখানার ভেতরে আটকে পড়া শ্রমিকদের বের করে আনতে অভিযান চালান।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনটির বিভিন্ন তলা থেকে বিশাল অগ্নিশিখা ও ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের তীব্রতায় কয়েকজন মানুষ ভবনের ছাদে আশ্রয় নিতে বাধ্য হন। পরে উদ্ধারকর্মীরা তাদের নিরাপদে নামিয়ে আনেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।
চীনে শিল্পকারখানায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে মাঝেমধ্যেই প্রাণঘাতী অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ঘটনা ঘটে। সাম্প্রতিক এ দুর্ঘটনা আবারও শিল্প নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
সূত্র: বিবিসি
সবার দেশ/কেএম




























