Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ২ অক্টোবর ২০২৬

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার, থানায় হস্তান্তর

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার, থানায় হস্তান্তর
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা, বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় গ্রেফতার জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

আখতারুজ্জামানের বিরুদ্ধে শুক্রবার দুপুরে বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটের লাগেজ পেতে বিলম্ব হওয়ায় বিমানবন্দরে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও করা হয়েছে মামলায়। বিমানমন্ত্রীকে নিয়েও তিনি অশালীন মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন ১০ নভেম্বরের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার মামলার এজাহার আদালতে উপস্থাপনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।

মামলাটির তদন্ত করছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম।

মেজর (অব.) আখতারুজ্জামান এর আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি একাধিকবার বিএনপি থেকে বহিষ্কৃত হন। পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নেতানিয়াহু-আমিরাতের প্রেসিডেন্টের ‘বিমান ছিনতাই নাটক’
রাশিয়া থেকে এলো ইউরেনিয়াম, ভোরে রূপপুরের পথে
বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ
ডেঙ্গুতে ৯ মাসে ২৫০ মৃত্যু, সেপ্টেম্বরে ভয়াবহ চিত্র
স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
বাবার দাফনে ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির
মেজর আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে বিক্ষোভ
ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতি, বাড়ছে সেনা
চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন
তৌফিক খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তি চাইলেন জামায়াত আমির
এশিয়ান গেমসে মেঘনার সন্তান সাত্তারের দাপট
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার, থানায় হস্তান্তর
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে