ভোগান্তিতে কোটি ব্যবহারকারী
এক ঘণ্টার বিভ্রাটে অচল ফেসবুক-মেসেঞ্জার
হঠাৎ করেই বিশ্বজুড়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া Facebook এবং Messenger-এ বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেয়। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি ব্যবহারকারী সাময়িকভাবে সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে উভয় প্ল্যাটফর্মের কার্যক্রম।
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে সমস্যার সূত্রপাত হয়। ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের অনেকের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। কেউ পুনরায় লগইন করতে পারছিলেন না, আবার অনেকেই নিউজফিড রিফ্রেশ, পোস্ট দেখা কিংবা নতুন কনটেন্ট প্রকাশে সমস্যার মুখোমুখি হন।
বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই হাজার হাজার অভিযোগ জমা পড়তে শুরু করে। বিভ্রাট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ইজডাউনের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়ে রিপোর্ট করেন। প্রতিষ্ঠানটি জানায়, ফেসবুকের সার্ভারসংক্রান্ত সক্রিয় সমস্যা শনাক্ত করা হয়েছে।
রাজধানীর এক ব্যবহারকারী মিথিলা আক্তার জানান, সন্ধ্যা সাড়ে সাতটার পর হঠাৎ করেই তিনি ফেসবুক ও মেসেঞ্জার থেকে লগআউট হয়ে যান। এরপর দীর্ঘ সময় চেষ্টা করেও লগইন করতে পারেননি। একই সঙ্গে নতুন পোস্ট দেখা এবং বার্তা আদান-প্রদানেও সমস্যা হচ্ছিল বলে জানান তিনি।
বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরাও সোশ্যাল মিডিয়ায় একই ধরনের অভিযোগ করেছেন। অনেকেই জানিয়েছেন, অ্যাপ ও ওয়েব—উভয় সংস্করণেই সমস্যা দেখা দিয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের সমস্যা সাধারণত সার্ভার ত্রুটি, ডেটা সেন্টারের প্রযুক্তিগত জটিলতা অথবা সিস্টেম আপডেটজনিত কারণে হয়ে থাকে। তবে বিভ্রাটের প্রকৃত কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে ফেসবুক ও মেসেঞ্জারের মালিক প্রতিষ্ঠান মেটা প্লাটফর্মস ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে কী কারণে এ বৈশ্বিক বিভ্রাট ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।
প্রায় এক ঘণ্টা অচল থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ফেসবুক ও মেসেঞ্জারের সেবা। এরপর অধিকাংশ ব্যবহারকারী আবারও তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে সক্ষম হন এবং নিয়মিত কার্যক্রমে ফিরতে থাকেন।
সবার দেশ/কেএম




























