স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দিন পাটওয়ারী
মাদকবিরোধী উদ্যোগের প্রসঙ্গ টেনে মন্তব্য এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর; হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার সঙ্গে যুক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। তার দাবি, মাদকবিরোধী উদ্যোগ নিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন ইশরাক।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ইশরাক হোসেন নতুনভাবে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। মাদক বন্ধের উদ্দেশ্যেই তিনি উদ্যোগ নিয়েছিলেন বলে মনে করেন এনসিপির এ নেতা। তবে সে উদ্যোগের পরিণতিতে ইশরাককে রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
‘স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন সে পাপে ভোগেন’
ইশরাকের পদত্যাগের প্রসঙ্গে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিলো, মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।
তিনি আরও বলেন,
সমস্যাটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেনো খেলেন ইশরাক ভাই? স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন সে পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।
সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র থাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিতর্ক তৈরি হয়। এ ঘটনার পর তার পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। সোমবার তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং দলকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলতে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসীরুদ্দিন পাটওয়ারী।
তিনি বলেন, বিএনপি সরকার দেশের সব নাগরিককে নিরাপত্তা দেয়ার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন-চার মাসের বিভিন্ন ঘটনার তথ্য তুলে ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও উল্লেখ করেন।
‘আমাকে নতুন কোনো ট্যাগ দেবেন না’
হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি তুলে ধরতে গিয়ে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে তাকে নতুন কোনও তকমা না দেয়ার আহ্বান জানান এনসিপির এ নেতা।
নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, আজকে আমাকে ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’ এ ধরনের ট্যাগ দিয়ে দিয়েন না। তারা বিষয়টা আপনাদের কাছে পৌঁছে দেয়ার জন্য বলেছেন। তারাও আপনাদের ভালোবাসেন, আর আপনারাও তাদের ভালোবাসেন।
ভুল-বোঝাবুঝি দূর করতে আলোচনার আহ্বান
ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে ভুল-বোঝাবুঝি দূর করতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দিন পাটওয়ারী। প্রয়োজনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনা হওয়া উচিত বলে মনে করেন তিনি।
সবার দেশ/এমকেজে




























