Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৩, ১৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১০:৪৪, ১৯ ডিসেম্বর ২০২৫

ফেসবুক থেকে ভাইরাল স্ক্রিনশট, নিরাপত্তার দাবি

হান্নান মাসউদকে প্রকাশ্য হত্যার হুমকি, থানায় জিডি

হান্নান মাসউদকে প্রকাশ্য হত্যার হুমকি, থানায় জিডি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলোতে ভয়ভীতি ও প্রাণনাশের স্পষ্ট হুমকির ভাষা দেখা যাচ্ছে। এ ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে এবং প্রশাসনের কাছে নিরাপত্তা ও আইনি ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে উল্লেখ করা হয়েছে, সে দিন সন্ধ্যা ৭টা ৪ মিনিটে 'রুপক নন্দী' নামক ফেসবুক আইডি থেকে আব্দুল হান্নান মাসউদকে সরাসরি হত্যার হুমকি দেয়া হয়। একই দিন বিকেল ৪টা ৫৫ মিনিটে 'Israt Raihan Ome' নামক আরেক ফেসবুক আইডি থেকে এনসিপির এক কর্মীর মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে হান্নান মাসউদ ও তার সহযোগীদের বিরুদ্ধে ভয় দেখানো ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। জিডিতে মোট সাতজনের নাম উল্লেখ করে বলা হয়েছে, তারা বিভিন্ন সময়ে নানা কৌশলে এমন হুমকি দিয়ে আসছে, যাতে যেকোনও মুহূর্তে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন হাতিয়া উপজেলার কান্তি লালের ছেলে রুপক নন্দী (২৫), চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), তার ছেলে ইসরাত রায়হান অমি (২৭), সংকর চন্দ্রের ছেলে প্রেম নাল (২৫), তোফায়েল সেরাংয়ের ছেলে নুর হোসেন রহিম (২৬), সংকর চন্দ্র দাসের ছেলে বাবুলাল (৩২) এবং বেলায়েত হোসেনের ছেলে ওমর ফারুক (৩২)। জানা গেছে, ভাইরাল স্ক্রিনশটগুলো প্রধানত আবদুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান অমি এবং তার অনুসারী রুপক নন্দীর।

হুমকির স্ক্রিনশটে কী বলা হয়েছে?

স্ক্রিনশটগুলোতে ইসরাত রায়হান অমি মেসেঞ্জারে লিখেছেন, 

আবদুল হালিম আজাদকে নাকি গ্রেফতার করার চেষ্টা করছে কতিপয় নেতা। হান্নান বল আর তানভির বল যে নেতাই হোক, খোদার কসম করে বললাম, উত্তর অঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। এখনও ধৈর্য ধরে আছি। তোর নেতাকে এটা কপি করে পাঠাইছ।

অন্যদিকে, রুপক নন্দী তার ফেসবুক পোস্টে লিখেছেন, 

হান্নান আগুন নিয়ে খেলা কোরো না, পরে পস্তাতে হবে। যারা আবদুল হালিম আজাদ চেয়ারম্যানকে ভালো জানে, তারা কখনও তোমাকে আস্ত রাখবে না। ভোট করা ঢুকাই দেবে ভিতর দিয়ে। এখনও শান্ত আছি। আমার নেতাকে যদি গ্রেফতার করা হয়, তাহলে উত্তরাঞ্চলে তোকে নিষিদ্ধ ঘোষণা করবো।

নেতাদের প্রতিক্রিয়া ও দাবি

জিডি করেন হান্নান মাসউদের চাচা ও এনসিপির হাতিয়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হেডমাস্টার শামছুল। তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমার ভাতিজাকে দীর্ঘদিন ধরে প্রকাশ্য হত্যার হুমকি দেয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বারবার এমন হুমকি আসায় আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। যেকোনও সময় বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কিত। প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিত করুক।

হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, সাম্প্রতিককালে চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম এক চা-দোকানে হান্নানকে ইঙ্গিত করে বলেছিলেন, ভোটের আগে অনেক জনপ্রিয় প্রার্থীকে খুঁজে পাওয়া যাবে না। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় হুমকি শুরু। আমরা দ্রুত আইনি ব্যবস্থা চাই, তিনি বলেন।

বাগছাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, ন্যায়ের পথে থাকায় জুলাইয়ের সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির মতো আমার ভাই হান্নানকেও হুমকি দেয়া হচ্ছে। প্রশাসন নীরব, এটি চরম ব্যর্থতা। ইউনূস সরকার ও প্রশাসনকে আহ্বান, নিরাপত্তা দিন এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনুন। অন্যথায় ঘটনার দায় তারা নেবেন।

আব্দুল হান্নান মাসউদ নিজে বলেন, হত্যার হুমকি ও ভয়ভীতি গণতান্ত্রিক মূল্যবোধের ওপর হামলা। ইতোমধ্যে পুলিশকে অবহিত করা হয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, নয়তো অপরাধ উৎসাহিত হবে।

পুলিশের প্রতিক্রিয়া

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ঘটনা নজরে এসেছে। জিডি গ্রহণ করা হয়েছে। স্ক্রিনশট যাচাই করে তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনা হাতিয়ায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। নির্বাচনী পরিবেশে এমন হুমকি নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রশ্ন তুলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু
তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস সোফি
নেতানিয়াহুর বিদায়ঘণ্টা! সরকার গঠনের দায়িত্বে গাদি আইজেনকট
হাতকড়া পরেই দেশে ফিরবেন পলাতক হাসিনা: তথ্য প্রতিমন্ত্রী
৭ নভেম্বরকে বিপ্লব, ২৪-কে নয়: হাসনাত আবদুল্লাহ
পুরুষ মডেল ভাড়া কর প্রেমিকের আদলে ছবি তুলছেন চীনা তরুণীরা
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী
মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি পাল্লার সীমা তুলে নিলো ইরান
মিরপুরে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন
‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনসমুদ্র
প্রাণনাশের হুমকির অভিযোগ ড. মোশাররফের পুত্রবধূ নাইমার
মোদি সরকারের আমলে ২০ কোটি মুসলিম নিপীড়নের শিকার: সোনিয়া
জিয়াকে উদ্ধার করেছিলো সেনাবাহিনী, জাসদ নয়: সাখাওয়াত
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের জায়গা: পাপিয়া
বিএনপির প্রচারণায় বাজলো হাসিনার গান, ভাইরাল ভিডিও
কোনও ডিসেম্বরে আপার ফেরার সুযোগ নেই: নাহিদ
পরাজিত শক্তি আবার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সিজেএফডির নিন্দা
আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের চরিত্র হননে ব্যস্ত: জামায়াত
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওসির বিরুদ্ধে