মুখোমুখি হতে পারে বিএনপি-জামায়াত জোট
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল আজ
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। পূরণ করা মনোনয়নপত্র বিকেল ৪টার মধ্যে নির্বাচন ভবনে নির্বাচনী কর্তার দফতরে জমা দিতে হবে।
ইতোমধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পৃথক প্রার্থী দেয়ায় এবারের রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। একাধিক প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব আখতার আহমেদ ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এ জোট সাবেক বিএনপি নেতা ও মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা দেয়ার পর নির্বাচন কমিশন সেগুলো যাচাই-বাছাই করবে। ১৬ আগস্ট বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা একাধিক হলে নির্ধারিত সময় অনুযায়ী ২০ আগস্ট ভোটগ্রহণ হবে। আর একজন প্রার্থী বৈধ থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। বর্তমানে চট্টগ্রাম-৪ আসনটি শূন্য থাকায় সংসদে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। এই ৩৪৯ জন সংসদ সদস্যই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়ার অধিকার রাখছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হবে ব্যালট পেপারের মাধ্যমে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দেবেন।
২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোট শেষ হওয়ার পর একই স্থানে ব্যালট গণনা করা হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা হিসেবে সিইসি ফলাফল ঘোষণা করবেন। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।
ইসি সচিব জানান, ভোটগ্রহণ শুরুর সময় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে। ভোট গণনার পর মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধভাবে জমা পড়েছে এবং প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন, তা প্রকাশ করা হবে।
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতি পদটি শূন্য হয়। এরপর সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এবার বিএনপি এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পৃথক প্রার্থী দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকছে না। ফলে মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহার পর্ব শেষে শেষ পর্যন্ত একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
সবার দেশ/কেএম




























