Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেয়ার আগেই ডেঙ্গুতে ডেঙ্গুতে মৃত্যু আঁচলের

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেয়ার আগেই ডেঙ্গুতে ডেঙ্গুতে মৃত্যু আঁচলের
ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২তম বিসিএসের চিকিৎসক ডা. আঁচল রায়। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. আঁচল রায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে রেসপিরেটরি মেডিসিন বিভাগে সংযুক্ত করা হয়েছিলো। চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি মাঝে মাঝে ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা দিয়েছেন। এমনকি তার ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেয়ার কথা ছিলো। তবে সে দায়িত্ব নেয়ার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হলো।

স্বজন ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, ডা. আঁচল রায় চার দিন বাসায় থেকে চিকিৎসা নিয়েছিলেন। পঞ্চম দিনে তার শারীরিক অবস্থার অবনতি হলে এবং রক্তে প্লাটিলেটের মাত্রা দ্রুত কমে গেলে তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। প্রথমে তাকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. আঁচল রায়ের মৃত্যুতে ৪২তম বিসিএসের সহকর্মীসহ চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এক শোকবার্তায় তিনি বলেন, ডা. আঁচল রায়ের অকাল মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারালো। তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। একই সঙ্গে প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান স্বাস্থ্যমন্ত্রী।

চিকিৎসাজীবনে মেধার স্বাক্ষরও রেখেছিলেন ডা. আঁচল রায়। সম্প্রতি ইন্টারনাল মেডিসিনে এফসিপিএসের মিড-টার্ম পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এর আগে যুক্তরাজ্যের এমআরসিপি পরীক্ষার পার্ট-ওয়ানও পাস করেন।

তার স্বামী বিপ্লব চন্দ্র দাস জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নিপোর্ট) কর্মরত। আঁচল ও বিপ্লব দুজনই তৎকালীন আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, বর্তমানে নোয়াখালী মেডিকেল কলেজ, থেকে পড়াশোনা করেছেন।

শিক্ষাজীবনে তাদের পরিচয় থাকলেও স্নাতক শেষ করার পর সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন বছর সম্পর্কের পর তারা বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনের বয়স হয়েছিলো ১৭ মাস। তাদের কোনও সন্তান ছিলো না।

ডা. আঁচল রায়ের পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তবে তিনি ঢাকায় বেড়ে ওঠেন। ৪২তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন তিনি।

এদিকে দেশে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৭৩ হাজার ৬৯৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২২৫ জনের।

চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন সেপ্টেম্বর মাসে। এ মাসেই এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৮৪৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী। অন্যদিকে মৃতদের মধ্যে পুরুষ ৪৬ দশমিক ৪ শতাংশ এবং নারী ৫৩ দশমিক ৬ শতাংশ।

ডেঙ্গুতে একজন চিকিৎসকের মৃত্যু নতুন করে রোগটির ভয়াবহতা সামনে এনেছে। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে যাদের প্রতিনিয়ত ডেঙ্গুর ঝুঁকির মধ্যেই কাজ করতে হয়, তাদের মধ্যেও এ রোগের সংক্রমণ ও জটিলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

দখল, হামলা, লুটপাটে উত্তপ্ত রাজধানী: আইনশৃঙ্খলা নিয়ে বাড়ছে প্রশ্ন
ক্যান্টনমেন্টের সাবেক ওসির আ.লীগ সংশ্লিষ্টতা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনে ফের গণভোটের উদ্যোগ
এক রুটি, এক কাপ চা—মেয়ের পিতৃবৎসলে কাঁদলো নেটদুনিয়া
ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেয়ার আগেই ডেঙ্গুতে ডেঙ্গুতে মৃত্যু আঁচলের
নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ
ফের উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংক উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রধানমন্ত্রীর আসনে চাঁদাবাজির দুঃসাহস কার—প্রশ্ন নাহিদ ইসলামের
হাসিনার জন্মদিনের কেক-মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রলীগ
নিউইয়র্ক-নিউ জার্সিতে ঝড়ের তাণ্ডব, জরুরি অবস্থা
তোমাদের চাঁদাবাজি আমার স্বপ্ন থামাতে পারবে না: সালমান মুক্তাদির
স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের