পুলিশ আসতেই হাওয়া, ঘটনাস্থল থেকে কেকসহ ৫ মোটরসাইকেল উদ্ধার
হাসিনার জন্মদিনের কেক-মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রলীগ
শরীয়তপুরের জাজিরায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন যুবক জোড়াব্রিজ এলাকায় জড়ো হন। একপর্যায়ে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা দ্রুত সেখান থেকে সরে যান।
পুলিশ চলে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি কেক এবং পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
জাজিরায় কেক কাটার আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
তিনি বলেন, কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মালিকানা ও এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে।
জাজিরায় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রমের অভিযোগ এবারই প্রথম নয়।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর উপজেলার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল করার অভিযোগ উঠেছিলো।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই মিছিলে কয়েকজনকে দেখা যায় বলে দাবি করা হয়। পরে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভিডিও বিশ্লেষণ করে মিছিলে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। জন্মদিনকে সামনে রেখে শনিবার ঢাকার ধানমন্ডিতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে।
পুলিশের পক্ষ থেকে ওই ঘটনায় কয়েকজনকে আটক করার কথা জানা গেছে।
এদিকে জাজিরার ঘটনায় উদ্ধার হওয়া কেক ও মোটরসাইকেলগুলো কার—এবং কেক কাটার আয়োজনে কারা জড়িত ছিলেন—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।
সবার দেশ/এমকেজে




























